অনিয়মের অভিযোগে দুই শ্রমিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় চট্টগ্রাম বন্দরে একটি জাহাজের পণ্য খালাসকাজে যোগ দেননি সাধারণ শ্রমিকেরা। এ কারণে গতকাল শুক্রবার বিকেল চারটা থেকে ‘এমভি জিনিয়াস স্টার’ নামের সাধারণ পণ্যবাহী জাহাজটি থেকে খালাস বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নিজেদের শ্রমিক দিয়ে ওই জাহাজে পণ্য খালাস শুরু করে বার্থ অপারেটর পঞ্চরাগ উদয়ন সংস্থা। বন্দর সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল বার্থ অপারেটর পঞ্চরাগ উদয়ন সংস্থা একটি চিনির জাহাজে পণ্য খালাসকাজে শ্রমিক নিয়োগ দেয়। সবাই যোগ দিলেও মো. ইসমাইল ও শেখ আহমেদ নামে দুজন শ্রমিক নিজেরা কাজ না করে বাইরের দুজনকে বদলি হিসেবে পাঠান। বিষয়টি শনাক্ত হলে এই দুই শ্রমিকের কাছ থেকে গেটপাস নিয়ে জমা দেওয়ার জন্য বার্থ অপারেটর পঞ্চরাগ উদয়ন সংস্থাকে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। গতকাল দুপুরে এই অপারেটরের পরিচালিত ৮ নম্বর জেটিতে ভেড়ে এমভি জিনিয়াস স্টার নামের একটি জাহাজ। এই জাহাজে পণ্য খালাসের জন্য অপারেটর ১৮ জন শ্রমিক নিয়োগ দেয়। কিন্তু কেউ কাজে যোগ দেননি। ওই দুই শ্রমিকের গেটপাস বাতিল না করার দাবিতে সাধারণ শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন না বলে জানা গেছে। এ ব্যাপারে পঞ্চরাগ উদয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ প্রথম আলোকে বলেন, গুটিকয়েক শ্রমিক সাধারণ শ্রমিকদের উসকে দিয়ে কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। এ ব্যাপারে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, গেটপাস বাতিলের অর্থ চাকরিচ্যুত করা। এ ধরনের শাস্তি দেওয়ার আগে কারণ দর্শানো, তদন্ত কমিটি ইত্যাদি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। কিন্তু বন্দর কর্তৃপক্ষ সেটা করছে না বলেই শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।