শ্রমিকদের বাধায় ১২ ঘণ্টা জাহাজ থেকে গাড়ি খালাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে গাড়িবাহী একটি জাহাজ থেকে গতকাল রোববার ১২ ঘণ্টা পণ্য খালাস বন্ধ ছিল। সকাল নয়টা থেকে জাহাজের গাড়ি খালাস শুরুর কথা ছিল। শ্রমিকদের বাধার কারণে বন্দরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে রাত আটটায় তাঁরা কাজে যোগ দেন। জাহাজের স্থানীয় প্রতিনিধি এভারেট বাংলাদেশ লাইনসের কর্মকর্তারা জানান, শ্রমিক অসন্তোষের কারণে জাহাজের বন্দর ত্যাগের সময় অন্তত ২৪ ঘণ্টা পিছিয়ে গেল। এই একদিন বাড়তি অবস্থানের জন্য জাহাজের মালিকানা প্রতিষ্ঠানকে ৩০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ গুণতে হচ্ছে। বন্দর সূত্রে জানা গেছে, মোট এক হাজার ৫৮৯টি গাড়িবাহী এমভি ফনিক্স এইচ নামের জাহাজটি গতকাল সকালে তিন নম্বর জেটিতে ভিড়ে। জেটি পরিচালনাকারী বেসরকারি অপারেটর বাইরের শ্রমিক দিয়ে কাজ শুরু করলে বন্দরের ল্যাসিং ও আনল্যাসিং শ্রমিকেরা বাধা দেন। জাহাজ থেকে গাড়ির শিকলের বাঁধন খুলে দেওয়ার কাজ করেন ল্যাসিং-আনল্যাসিং শ্রমিকেরা।তিন নম্বর জেটি পরিচালনাকারী এ ডব্লিউ খান অ্যান্ড কোম্পানির মালিক হোসেন আহমেদ প্রথম আলোর কাছে দাবি করেন, ‘সব সময় আমাদের নিজস্ব শ্রমিক দিয়ে জাহাজ থেকে গাড়ি খালাসের কাজ হয়। কিন্তু ল্যাসিং শ্রমিকেরা এখন সেই নিয়ম না মেনে ঝামেলা করছে।’ ল্যাসিং-আনল্যাসিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইকবাল হোসেন দাবি করেন, বেসরকারি অপারেটর বাইরের শ্রমিকদের দিয়ে কাজ করানোর কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে।