গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি পোশাক কারখানায় শ্রমিকদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। ওই কারখানার শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। শ্রমিক ও পুলিশ সূত্রের ভাষ্য, টঙ্গী বিসিক এলাকার ক্যাপ্রি অ্যাপারেলস নামের পোশাক করাখানার শ্রমিকদের সঙ্গে মহাব্যবস্থাপক লাভলু মিয়া প্রায়ই দুর্ব্যবহার করেন। গতকালও তুচ্ছ ঘটনা নিয়ে কয়েকজন শ্রমিককে বহিরাগত লোক দিয়ে মারধর করান লাভলু মিয়া। এ ঘটনায় কারখানার শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে ওই কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করতে থাকেন। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।এ ব্যাপারে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, কারখানার কয়েকজন কর্মকর্তা শ্রমিকদের মারধর করায় শ্রমিকেরা ওই বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর প্রতিনিধি|