কোনো পূর্ব নোটিশ ছাড়াই রপ্তানিমুখী সেনসিবল ফ্যাশন কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ হয়েছে। শ্রমিকেরা কারখানা খুলে দ্রুত তাঁদের বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন।
নগরের কেন্দ্রস্থল ২ নম্বর রেলগেট এলাকা থেকে শ্রমিকেরা মিছিল বের করেন। পরে এটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে রূপ নেয়।
ব্যাংক ও শ্রমিকদের পাওনা টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছেন বিকেএমইএর সাবেক পরিচালক ও সেনসিবল ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুজ্জামান প্রিন্স। নগরের উত্তর মাসদাইরের কেতাবনগরে অবস্থিত কারখানাটি ২৫ এপ্রিল বন্ধ করে দেওয়া হয়।
সমাবেশে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, সেনসিবল ফ্যাশনের মালিক শফিকুজ্জামান প্রিন্স ব্যাংক ও শ্রমিকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন। শ্রমিকদের মার্চ-এপ্রিল দুই মাসের বেতন, ওভারটাইম, পে-নোটিশ, গ্র্যাচুইটি ও শ্রম আইনে প্রাপ্য অন্যান্য সুবিধা বাবদ প্রায় তিন কোটি টাকা বকেয়া রয়েছে। এভাবে বিনা নোটিশে কারখানা বন্ধ করা শ্রম আইনের পরিপন্থী। সমাবেশে অন্যান্যের মধ্যে কারখানার শ্রমিক লিপি আক্তার, তাহমিনা, রোজিনা আক্তার, জামাল, মমতাজ, রানু, রহিমা প্রমুখ বক্তব্য দেন।
এ ব্যাপারে বিকেএমইএর সহসভাপতি (অর্থ) জি এম ফারুক জানান, সেনসিবল ফ্যাশনের শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে বিকেএমইএ যথাযথ চেষ্টা করবে।