শ্রমিকদের বিক্ষোভ এমডি অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বাসভবনের সামনে গত মঙ্গলবার থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকেরা। চিনিকলের ৭৮ জন চুক্তিভিত্তিক শ্রমিককে চূড়ান্ত নিয়োগ দেওয়া হচ্ছে না এমন খবরে বিক্ষোভ শুরু হয়। গতকাল বৃহস্পতিবারও বিক্ষোভ অব্যাহত ছিল। এতে তিন দিন ধরে বাসভবনে অবরুদ্ধ রয়েছেন এমডি।
চিনিকলের কয়েকজন সাধারণ শ্রমিক জানান, ২০০৭ সালে গার্ড ও মালি পদে ৭৮ জন শ্রমিককে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় কর্তৃপক্ষ। তখন পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থীদের পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়া হয়। এখন তাঁদের চাকরি স্থায়ী করতে আবারও পরীক্ষা দিতে হবে বলে জানানো হয়। সে অনুযায়ী চুক্তিভিত্তিক শ্রমিকেরা ৫ মে পরীক্ষা দেন। ঢাকা থেকে তিন সদস্যের একটি নিয়োগ কমিটি এসে তাঁদের পরীক্ষা নেয়। পরীক্ষা শেষে ফলাফল দেওয়ার কথা ছিল। কিন্তু ফল না দিয়ে কমিটি ঢাকায় চলে যায়। এরপর চিনিকলের এমডির পক্ষ থেকে প্রতিনিধি এসে জানান, প্রধান কার্যালয়ের সুপারিশে পাঁচজন নিয়োগ দিতে হবে।
চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানান, তাঁরা চক্রান্ত বুঝতে পেরে মঙ্গলবার থেকেই এমডির বাসভবনের সামনে অবস্থান নেন।
এমডি দেলোয়ার হোসেন বলেন, চাকরিতে নিয়োগবিধি অনুযায়ী কোটা নির্ধারণ করতে গিয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে কেউ কেউ বাদ পড়তে পারেন। এ কারণে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়েছেন। এ পরিস্থিতিতে প্রধান কার্যালয় থেকে নিয়োগ কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।