শ্রমিকদের বিক্ষোভ, দুই পোশাক কারখানায় ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পুবাইল হাড়িবাড়ির টেক ও শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ি এলাকায় দুটি পোশাক কারখানায় গতকাল সোমবার এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, গতকাল গাজীপুর সদর উপজেলার পিরুজালি, মির্জাপুর ও ভাওয়াল গড় নামে তিনটি নবগঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ি এলাকার ডার্ড কম্পোজিট লিমিটেড নামের পোশাক কারখানার অনেক শ্রমিক ওই তিন ইউনিয়নের ভোটার।

গতকাল সকালে শ্রমিকেরা কাজে গিয়ে ভোট দেওয়ার জন্য ছুটির আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ ছুটি না দিয়ে পালা করে ভোট দিয়ে আবার কারখানায় ফিরতে বলে। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কাজ বন্ধ করে দেন। পরে শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেন। এ সময় ওই সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানা এক দিনের ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা চলে যান।

সম্প্রতি সদর উপজেলার পুবাইল হাড়িবাড়ির টেক এলাকার এঅ্যান্ডএ ট্রাউজারস লিমিটেড নামের পোশাক কারখানার এক শ্রমিককে দুর্বৃত্তরা লাঞ্ছিত করে।

এ ঘটনার বিচার দাবি করে ওই কারখানার শ্রমিকেরা গতকাল সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত ঢাকা-কালীগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কর্তৃপক্ষ এক দিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।