বকেয়া বেতন ও ঈদ উৎসব ভাতার দাবিতে গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ী এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সোমবার সকালে বিক্ষোভ করেছেন। তাঁরা কারখানার গ্লাস ভাঙচুরের পর সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় পুলিশ লাঠিপেটা ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে সড়ক অবরোধমুক্ত করে। শ্রমিকদের ধাওয়া করতে পুলিশের বিরুদ্ধে কারখানা ও মহাসড়কের আশপাশের বাড়িতে হামলার অভিযোগ করা হয়েছে। টিয়ার গ্যাসের শেল ও লাঠিপেটায় শ্রমিক, পুলিশসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ী এলাকার স্টাইলো ফ্যাশন লিমিটেডের সাড়ে তিন হাজার শ্রমিক বিক্ষোভ করেছেন। কারখানা কর্তৃপক্ষ তাঁদেরকে চার থেকে পাঁচবার সময় পরিবর্তন করে জুলাই মাসের বেতন ও ঈদ উৎসব ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে। এক দিন পরই কারখানা ছুটির ঘোষণা দেওয়া হবে। বারবার প্রতিশ্রুতির পরও মজুরির টাকা না পেয়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা সকাল সাড়ে আটটার দিকে ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার গ্লাস ভাঙচুর করেন। পরে সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় গাজীপুর শিল্পাঞ্চল ও হাইওয়ে পুলিশ তাঁদের ওপর লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে পরে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শ্রমিকদের ধাওয়া করতে পুলিশ সদস্যরা কারখানা ও মহাসড়কের আশপাশের বাড়িতে হামলা করেছেন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, পুলিশ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা হয়েছে। বিকেলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা জানালে তাঁরা শান্ত হন। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক (এসআই) মো. হেলালুজ্জামান জানান, পুলিশের ধাওয়া খেয়ে অনেক শ্রমিক বাড়িতে ঢুকে পড়েছিলেন। তবে বাড়িতে পুলিশের হামলার অভিযোগ সঠিক নয়। শ্রমিকদের ইটপাটকেল ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপের ঘটনায় পুলিশের তিন সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।