শ্রমিকদের বিক্ষোভের পর কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার আগে বেতন, বোনাস, ভবিষ্য-তহবিল ও অর্জিত ছুটির টাকার দাবিতে গাজীপুরের একটি কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার কারখানা চত্বরে বিক্ষোভ করেন। সদর উপজেলার ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় ভিয়েলা টেক্স নামের কারখানায় ওই বিক্ষোভ হয়।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বেলা তিনটার দিকে কারখানায় ছুটি ঘোষণা করা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে ভিয়েলা টেক্স কারখানার সহস্রাধিক শ্রমিক বিভিন্ন দাবি নিয়ে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা ভেতর থেকে কারখানার ফটকে তালা দিয়ে ২০ অক্টোবরের মধ্যে চলতি মাসের বেতন, ঈদ বোনাস, ভবিষ্য-তহবিল ও অর্জিত ছুটির টাকার দাবিতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট শুরু করেন। খবর পেয়ে জয়দেবপুর থানা ও শিল্প পুলিশ এবং র‌্যাব-১-এর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কারখানা কর্তৃপক্ষ আলোচনা সাপেক্ষে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে কারখানায় ছুটি ঘোষণা করে। শ্রমিকেরা কারখানা এলাকা ত্যাগ করে চলে যান।