শ্রমিকদের বিমানভাড়া কমানোর প্রস্তাব দিয়েছে বায়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে অভিবাসী শ্রমিকদের বিমানভাড়া কমানোর উদ্যোগ নিতে প্রস্তাব দিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। গতকাল বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এক বৈঠকে বায়রা এ প্রস্তাব করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান এ বিষয়ে ইতিবাচক অভিমত জানিয়েছেন বলে জানা গেছে। বায়রার সভাপতি শাহজালাল মজুমদারের নেতৃত্বে ২০ সদস্যের একটি দল বৈঠকে যোগ দেয়। মন্ত্রী এতে সভাপতিত্ব করেন।বৈঠকের পর বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘লিবিয়ায় আগে বিমানভাড়া ছিল ৫২ হাজার টাকা। হঠাৎ এয়ারলাইনসগুলো ভাড়া ৯০ থেকে ৯৫ হাজার টাকা করেছে। অন্য অনেক দেশে যেতেও খরচ বেশি হওয়ার একটি বড় কারণ অতিরিক্ত বিমানভাড়া। আমরা তাই ভাড়া কমানোর প্রস্তাব দিয়েছি। আমরা বলেছি, প্রয়োজনে অভিবাসী শ্রমিকদের জন্য আলাদা ভাড়া হোক। মন্ত্রী আমাদের এই প্রস্তাব গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।’বৈঠক সূত্রে জানা গেছে, বায়রার প্রস্তাবের আলোকে শ্রমিকদের জন্য পৃথক ভাড়া ও আন্তর্জাতিক ভাড়ার সঙ্গে সংগতি রেখে দেশি-বিদেশি এয়ারলাইনসগুলোর ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোনো শ্রমিকের ফ্লাইট বাতিলের ক্ষেত্রে টিকিটের পুরো অর্থ বাজেয়াপ্ত না করারও বিধান করা হচ্ছে।বৈঠকে ফারুক খান বলেন, দেশি-বিদেশি এয়ারলাইনসগুলোর জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ মাসেই এর খসড়া চূড়ান্ত করা হবে। বায়রার প্রস্তাবগুলো এই নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, গুটিকয়েক লোকের কারণে বায়রার বদনাম হচ্ছে। চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।