শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ হয়ে যাওয়া পোশাক কারখানা স্টারলাইট ফ্যাশনের ৩৩ শ্রমিকসহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আমিরুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
একই সঙ্গে স্টারলাইটের ৯০০ শ্রমিকের ক্ষতিপূরণের ও একজন শ্রমিকনেতাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এই জোট। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
ফেডারেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর এলিফ্যান্ট রোডের স্টারলাইট ফ্যাশন বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে শ্রম আইন অনুসারে শ্রমিকদের চার মাসের মজুরি আদায় করে দেওয়ার অঙ্গীকার করেন একজন শ্রমিকনেতা। কিন্তু তিনি এক মাসের মজুরি দেওয়ার চুক্তি করেন। এতে করে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে তাঁকে এর কারণ জিজ্ঞেস করলে ওই শ্রমিকনেতা তাঁর সহযোগীদের নিয়ে শ্রমিকদের ওপর হামলা করেন। এতে উত্তেজিত শ্রমিকেরা তাঁকে নাজেহাল করলে তিনি স্টারলাইট ফ্যাশনের ৩৩ শ্রমিকসহ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হকের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু আমিরুল হক তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
বিক্ষোভ সমাবেশ থেকে ওই শ্রমিকনেতাকে প্রতারক আখ্যা দিয়ে তাঁকে গ্রেপ্তারের জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা। শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে স্টারলাইটের ৯০০ শ্রমিকের ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তাঁরা। বিজ্ঞপ্তি।