শ্রমিকদের বেতন আমরাই বেশি বৃদ্ধি করেছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। আর এ লক্ষ্যে অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে বেতন ও মজুরি বাড়ানোর বিষয়টি সব সময়ই সহানুভূতির সঙ্গে বিবেচনা করেছে। ২০১০ সালে পোশাকশ্রমিকদের বেতন ৮২ শতাংশ বাড়িয়ে ১৬৬২ থেকে ৩০২৪ টাকা করা হয়। ২০১৩ সালে ৭৭ শতাংশ বাড়িয়ে ন্যূনতম মজুরি ৫৩০০ টাকা নির্ধারণ ও বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, ‘কোনো উন্নত দেশে শ্রমিকদের বেতন এভাবে বৃদ্ধি করা হয়নি। আমরাই করেছি। শ্রম আইন আরও উন্নত করেছি। শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে প্রাতিষ্ঠানিক কাঠামো নির্মাণে পদক্ষেপ নিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের অন্যতম দায়িত্ব হলো শ্রমসংশ্লিষ্ট আইনগুলো বাস্তবায়ন, শ্রম আদালতের মাধ্যমে শ্রম ক্ষেত্রে সুবিচার নিশ্চিত এবং শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ তাঁদের কল্যাণ নিশ্চিত করা। তিনি ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়নের আদলে শ্রমিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে শ্রম আইনের বিধিতে অন্তর্ভুক্ত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৫ সালের মধ্যে বর্তমান ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শেষ হলে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০২১ সালের মধ্যে মাথাপিছু গড় আয় বর্তমানের এক হাজার ৪৪ ডলার থেকে বেড়ে ১ হাজার ৫০০ ডলারে উন্নীত হবে। প্রবৃদ্ধির হার বেড়ে ১০ শতাংশে উন্নীত হবে এবং দারিদ্র্যের হার বর্তমান ২৬ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে দাঁড়াবে।
শেখ হাসিনা বলেন, এ লক্ষ্য অর্জিত হলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এ উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে কর্মপরিকল্পনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন হয়েছে
শেখ হাসিনা বলেন, দেশের জনশক্তির দক্ষতা উন্নয়নের জন্য ইতিমধ্যে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয় করে সমগ্র দেশের জন্য সমন্বিতভাবে কারিগরি প্রশিক্ষণ ও বিভিন্ন পেশাগত প্রশিক্ষণের কারিকুলাম প্রণয়ন করা হচ্ছে।
এর আগে মন্ত্রণালয়ে এসে পৌঁছালে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক। এ সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।