শ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি কমিশন হচ্ছে
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। কমিশনের সুপারিশের আলোকে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হবে।গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থনীতি-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।সূত্র জানায়, প্রস্তাবিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন ১৭ সদস্যের হবে। একজন অবসরপ্রাপ্ত সচিব অথবা ভারপ্রাপ্ত সচিব কমিশনের সার্বক্ষণিক চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। কমিশনে সদস্য হিসেবে থাকবেন একজন অর্থনীতিবিদ, একজন হিসাববিজ্ঞানী, মালিকপক্ষের তিনজন প্রতিনিধি, শ্রমিকপক্ষের তিনজন প্রতিনিধি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্ম সচিব পর্যায়ের), শিল্প মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্ম সচিব পর্যায়ের), অর্থ বিভাগের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্ম সচিব পর্যায়ের), পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্ম সচিব পর্যায়ের), পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্ম প্রধান পর্যায়ের), ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) পরিচালক, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (শ্রম) কমিশনের সদস্যসচিব হিসেবে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। কমিশনের সদস্য প্রত্যেকেই খণ্ডকালীন থাকবেন।সূত্র জানায়, কমিশনের মেয়াদ ছয় মাস স্থায়ী হবে। তবে সরকার প্রয়োজনে মেয়াদ বাড়াতে পারবে। সর্বশেষ জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের জনবল ও সাংগঠনিক কাঠামোর সঙ্গে সংগতি রেখে এবারের কমিশনের জন্য জনবল ও সাংগঠনিক কাঠামো নির্ধারণ করা হয়েছে। কমিশনের প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো ও জনবল গতকালের বৈঠকে অনুমোদিত হয়েছে।সূত্র জানায়, মজুরি কমিশন গঠনের পক্ষে মতামত দিয়ে শ্রম মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রিসভা বৈঠকে বলা হয়, সরকারি কর্মকতা ও কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০০৯ ১ জুলাই ২০০৯ থেকে কার্যকর হওয়ায় রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বেড়েছে। অন্যদিকে সেখানকার শ্রমিকদের বর্ধিত হারে বেতনাদি দেওয়া না হলে বৈষম্য বেড়ে যাবে। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ, হতাশা ও অসন্তোষ দেখা দিতে পারে।প্রসঙ্গত, সরকারের নিয়মিত জাতীয় বেতন কমিশন গঠনের মাধ্যমে কমিশনের সুপারিশের আলোকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারিত হয়। একইভাবে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য সরকার নিয়মিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন গঠন করে থাকে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান উপস্থিত ছিলেন।