শ্রমিকদের বেতন বোনাসের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা ও দুর্গাপূজার আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মিছিল হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দলের (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখা গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করে।
বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নেতা কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, আবু নাঈম খান, সিপিবির নেতা বিমল কান্তি দাস, আবদুল হাই শরীফ প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, কাজের বিনিময়ে ঠিক সময়ে শ্রমিকেরা বেতন-বোনাস পাবেন, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ঈদ-পূজা এলেই এর জন্য আন্দোলনে নামতে হয় শ্রমিকদের। তার পরও বহু কারখানার শ্রমিকেরা তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হন। বক্তারা শ্রমিকদের বেতন-বোনাস প্রদান, গরিব মানুষের জন্য রেশনিং চালুসহ পাঁচ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।