শ্রমিকদের বেতনের লুট হওয়া টাকার একাংশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকা থেকে কারখানা শ্রমিকদের লুট হওয়া বেতনের টাকার একাংশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, তাঁদের কাছ থেকে ১১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার অসীম মণ্ডল (৩৫), আনোয়ার হোসেন (৩০) ও টাঙ্গাইলের মধুপুরের আবদুর রশিদ (২৮)। তাঁদের মধ্যে অসীম ও রশিদ গতকাল গাজীপুর আদালতে জবানবন্দি দিয়েছেন। গোপনে খবর পেয়ে গত মঙ্গলবার অসীমের বাড়ি থেকে তিন লাখ টাকা এবং ঝিনাইদহে তাঁর শ্বশুরবাড়ি থেকে পাঁচ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া সোমবার রশিদের বাড়ি থেকে তিন লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত অসীম সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বলেন, চান্দারা এলাকার ফ্যাশনইট লিমিটেড কারখানার সামনে তাঁর একটি স্টুডিও রয়েছে। তিন মাস আগে তিনি ও তাঁর বন্ধুরা কারখানার টাকা লুটের পরিকল্পনা করেন। দুই মাস ধরে তাঁরা শ্রমিকদের বেতনের টাকা কোথা থেকে এবং কীভাবে আনা তা পর্যবেক্ষণ করেন। পরে ৬ জুলাই সফিপুর বাজারে তাঁরা ১১ জন মিলে ছিনতাইয়ের চূড়ান্ত পরিকল্পনা করেন।
৭ জুলাই একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেল নিয়ে তাঁরা আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশনইট লিমিটেড কারখানার প্রধান শাখার সামনে অপেক্ষা করতে থাকেন। সেখান থেকে টাকার গাড়ি বের হলে পিছু নিয়ে বোর্ডমিলা এলাকায় সেটির গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট করেন। পরে কাশিমপুর এলাকায় বাঁশঝাড়ের পাশে বসে টাকা ভাগাভাগি করা হয়।