ভুয়া কাগজপত্র দিয়ে দক্ষিণ কোরিয়া যাওয়া এবং ঘন ঘন কর্মস্থল পরিবর্তন করার কারণে দেশটিতে বাংলাদেশের শ্রমিকদের ভাবমূর্তি উজ্জ্বল নয়। তাই বিদেশি শ্রমিকদের জন্য বিশেষায়িত কর্মসংস্থান প্রকল্পের (ইপিএস) নির্ধারিত কোটা পূরণ করতে পারছে না বাংলাদেশ। কোটা পূরণের জন্য এ বিষয়গুলোর সুরাহা হওয়া উচিত। ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাইইয়াং ছো গতকাল সোমবার মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআরইউর সভাপতি শামীম আহমেদ।দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের জনশক্তি রপ্তানি প্রসঙ্গে তাইইয়াং ছো বলেন, ২০১০ সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে ২০০৯ সালে তিন হাজার ৮০০ বাংলাদেশি শ্রমিক নেওয়ার কোটা থাকলেও গেছে মাত্র ৭৫২ জন। ২০১০ সালে কোটা বেড়ে হয়েছে চার হাজার ৪০০ জন। চলতি বছর এ পর্যন্ত গেছে এক হাজার ৮৫০ জন। কোটা পূরণ না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মুষ্টিমেয় কিছু বাংলাদেশি কর্মী অবৈধ পথ বেছে নেন। তাঁরা ভুয়া কাগজপত্র দিয়ে কিংবা দালালের সহায়তায় দক্ষিণ কোরিয়া পাড়ি দিতে চান। যা আমাদের জন্য উদ্বেগের। কারণ দেশের নিরাপত্তার কথা ভেবেই অনলাইনে শ্রমিক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।’রাষ্ট্রদূত জানান, ইপিএসের আওতায় বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে শ্রমিক নেওয়া হচ্ছে। ফলে প্রতিযোগিতা করেই দক্ষিণ কোরিয়ায় কাজের সুযোগ পেতে হয়। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকেরা বেশি বেতনের লোভে ঘন ঘন কর্মস্থল বদল করেন। যে মালিক ওই শ্রমিককে নেন তাঁর জন্য বিষয়টি সুখকর নয়। তাই ঘন ঘন যাঁরা ঠিকানা বদল করেন, তাঁদের ভাবমূর্তি ভালো থাকার কথা নয়।সামরিক সহযোগিতার বিষয়ে তাইইয়াং ছো জানান, দক্ষিণ কোরিয়া থেকে যুদ্ধজাহাজ (ফ্রিগেট) কেনার বিষয়ে বাংলাদেশের আলোচনা চলছে। সামরিক খাতে এই দুই দেশের সহযোগিতা আরও বহুমাত্রিক হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিউল সফরকে সফল অভিহিত করে রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে আমরা সেবিকা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি।’তেল-গ্যাস অনুসন্ধানে দক্ষিণ কোরিয়ার সহায়তার বিষয়ে নেওয়া উদ্যোগের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সমন্বয়ে গঠিত একটি প্রকল্পের আওতায় বঙ্গোপসাগরে অনুসন্ধানের কাজ চলছে। প্রকল্পটির সাফল্যের ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশার কথা শুনিয়েছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক পথিক সাহা।