সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের একটি কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের মজুরির পাওনা টাকা না দেওয়ায় সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ লাঞ্ছিত হয়েছেন। উপজেলা প্রশাসন ও শ্রমিক সূত্রে থেকে জানা গেছে, সোমবার পিআইও আবুল কালাম আজাদ ওই ইউনিয়নের লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসা থেকে মজনু হাজির বাড়ি পর্যন্ত রাস্তার নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শনে যান। এ সময় কর্তব্যরত শ্রমিকেরা তাঁদের পাওনা টাকা কেন দেওয়া হয়নি এর কারণ জানতে চাইলে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে হাতের টুকরি দিয়ে পিআইওকে লাঞ্ছিত করেন। এরপর আবুল কালাম আজাদ বাদী হয়ে শ্রমিক আবু বক্কার ও আলাউদ্দিনের নামে কাজীপুর থানায় অভিযোগ করেন।শ্রমিক আবু বক্কার ও আলাউদ্দিন অভিযোগ করেন, তাঁরা প্রত্যেক দিন কাজ করা সত্ত্বেও তাঁদের নাম তালিকায় অনুপস্থিত দেখানো হয়েছে। উপস্থিত দেখানোর জন্য পিআইও তাঁদের কাছে টাকা চেয়েছেন। টাকা না দেওয়ায় তিনি বিল থেকে টাকা কেটে রেখেছেন। বিষয়টি জানতে চাওয়ায় তিনি তাঁদের সঙ্গে অশোভন আচরণ করেন। এ নিয়ে কথা-কাটািকাটি হয়েছে। এ ব্যাপারে তিনি তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান জানান, শ্রমিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়ায় তাঁরা ক্ষিপ্ত হন। বিষয়টি মীমাংসা করার জন্য বসা হবে।আবুল কালাম আজাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফিউল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’