নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো হলে এই খাত ক্ষতিগ্রস্ত হবে না। এতে করে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশ ছেড়ে চলে যাবে না।
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লুমবার্গ টেলিভিশনকে গত শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, ‘বর্তমানে পোশাক শ্রমিকদের ঘণ্টাপ্রতি গড় মজুরি ২৫ সেন্ট। এটা ৫০ সেন্ট করা হলেও তেমন কোনো ক্ষতি হবে না।’
গত এপ্রিলে সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর পর কারখানায় কাজের পরিবেশ উন্নত করতে এবং শ্রমিকদের মজুরি বাড়াতে বিশ্বের নামীদামি পোশাক কোম্পানিগুলোর ওপর চাপ দিচ্ছে শ্রম অধিকার আন্দোলনকারী সংগঠনগুলো। বাংলাদেশের ৩০ লাখ শ্রমিকের মজুরি বাড়ানো হলে অন্য দেশেও মজুরি বাড়ানোর ক্ষেত্রে তা ভূমিকা রাখবে বলে মনে করেন ড. ইউনূস। তিনি বলেন, ‘সব জায়গায় দাম বাড়বে। প্রতিযোগিতায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না।’
বিশ্বের কোম্পানিগুলোর নির্বাহীদের ‘সজ্জন মানুষ’ হিসেবে অভিহিত করে অধ্যাপক ইউনূস বলেন, ‘তাঁরা যখন ঝুঁকির বিষয়টি বুঝবেন তখন মজুরি বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নত করার প্রয়োজনীয়তাও অনুধাবন করবেন।’
ড. ইউনূস বলেন, ‘আমরা সম্ভবত দর-কষাকষি নিয়ে খুব ব্যস্ত ছিলাম। অন্যদিকে খেয়াল করিনি। এখন এর দায় আমাদের সবার।’