শ্রমিকদের মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের ন্যূনতম মোট মজুরি ১৬ হাজার টাকা ঘোষণা, শ্রম আইন ও বিধিমালার ধারা সংশোধনের দাবিতে শ্রমিক সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্র। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে জাতীয় আয় বাড়ার পেছনে শ্রমজীবী মানুষের অবদানই সবচেয়ে বেশি। কিন্তু শ্রমিকদের মজুরি বাড়ানো হয় না। শ্রমিকদের মানবেতর জীবনে ফেলে রাখা মানা যায় না। শ্রমিকদের মানুষের মতো বাঁচার উপযোগী জাতীয় ন্যূনতম মজুরি সরকারিভাবে নির্ধারণ ও ঘোষণা করতে হবে।
বক্তারা বলেন, বিশ্বব্যাংকের মাপকাঠিতে দারিদ্র্যসীমার ওপরে উঠতে মাথাপিছু দৈনিক অন্তত দুই ডলার আয় দরকার। অর্থাৎ চার সদস্যের একটি পরিবারে মাসে অন্তত ১৯ হাজার ২০০ টাকা আয় থাকলে তাকে দারিদ্র্যসীমার ওপরে বলা যায়। এসব কিছু বিবেচনায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ফেডারেশন।
সমাবেশে বক্তারা গণতান্ত্রিক শ্রম আইন-বিধিমালা, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, নিরাপদ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও সরকারি দায়িত্বে রেশন-বাসস্থান, চিকিৎসা, পেনশনসহ সামাজিক নিরাপত্তার দাবিতে আন্দোলন গড়ে তুলতে শ্রমিকদের আহ্বান জানান। সমাবেশে শ্রমিক কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর শাখার সংগঠক ফখরুদ্দীন কবির, আফসানা বেগম, রাজু আহমেদ, রাজীব চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।