মজুরি কমিশন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় শ্রমিক-কর্মচারীদের আন্দোলন অব্যাহত রয়েছে। বিসিআইসি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার সকালে কারখানার প্রধান ফটকে অবরোধ করে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। এ সময় তিন ঘণ্টা সার সরবরাহও বন্ধ ছিল। সিবিএর সভাপতি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন শ্রমিক ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফরিদ উদ্দিন, সিবিএর সাবেক সভাপতি মোজাম্মেল হক খন্দকার, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সাইফুদ্দিন ফারুকী, পনিরুল আলম প্রমুখ।সভায় বক্তারা অবিলম্বে কারখানায় শ্রমিক-কর্মচারীদের সংশোধিত মজুরি কমিশন বাস্তবায়ন, গত চার বছরের লভ্যাংশ প্রদান ও সব অডিট আপত্তি নিষ্পত্তির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সিবিএর সভাপতি মো. সোহরাব হোসেন বলেন, মজুরি কমিশন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় শ্রমিক-কর্মচারীরা ১৬ জানুয়ারি পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপক (উৎপাদক) জিন্নত আলী প্রথম আলোকে বলেন, কিছুসংখ্যক শ্রমিক-কর্মচারী আন্দোলন করলেও বেশির ভাগ শ্রমিক-কর্মচারী কাজে যোগদান করেন। এতে সার উৎপাদনে কোনো রকম বাধার সৃষ্টি হয় না।