আশুলিয়ার নিশ্চিন্তপুরে তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর ঘটনায় করা মামলায় গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ ১৩ জন এ মামলার আসামি।
এ মামলার বাদী আশুলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম গতকাল আদালতে সাক্ষ্য দেন। তাঁকে আসামিপক্ষের জেরা শেষে আগামী ৭ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী টি এম আকবর, এ টি এম গোলাম গাউছ ও ফারুক আহমেদ।
গতকাল খায়রুল ইসলাম সাক্ষ্যে বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর অজ্ঞাতনামা আসামিরা তাজরীন ফ্যাশনসে অগ্নিসংযোগ করে। এ সময় তাজরীন ফ্যাশনসে কর্মরত পোশাকশ্রমিকেরা বাঁচার জন্য এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন এবং প্রাণ বাঁচাতে অনেকে ভবন থেকে লাফিয়ে পড়ে মারা যান।
ওই অগ্নিকাণ্ডে কারখানার শতাধিক শ্রমিক মারা যান। তাঁদের মধ্যে ৪৮ জনের লাশ শনাক্ত করা হয়েছে। বাকিদের লাশ শনাক্ত করতে না পারায় দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামে পাঠানো হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে এ মামলা করেন।
সাক্ষ্য শেষে বাদীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত।
ঢাকার সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে মোট ১১১ জন পোশাকশ্রমিক প্রাণ হারান। আহত হন ১০৪ জন শ্রমিক। তদন্ত শেষে ২০১৩ সালের ২ ডিসেম্বর এ মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বছরের ৩ সেপ্টেম্বর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন তাজরীন ফ্যাশনসের এমডি দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রতিষ্ঠানের প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, ইনচার্জ আনিসুর রহমান, স্টোর ইনচার্জ আল-আমিন, ব্যবস্থাপক আবদুর রাজ্জাক, উৎপাদন ব্যবস্থাপক মোবারক হোসেন, কোয়ালিটি ব্যবস্থাপক শহিদুজ্জামান, নিরাপত্তাকর্মী রানা ওরফে আনারুল ও লোডার শামীম মিয়া। এঁদের মধ্যে শেষের চারজন পলাতক আছেন।