পুরোনো (স্ক্র্যাপ) জাহাজ আমদানির ক্ষেত্রে রপ্তানিকারক দেশের বর্জ্যমুক্ত সনদ নেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাহাজভাঙা শিল্পের মালিক ও শিপইয়ার্ড মালিকেরা সরকারের নানা পর্যায়ে তদবির করছেন। এ শিল্পের শ্রমিকেরাও কিছুদিন ধরে আন্দোলন করছেন। ইতিমধ্যে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।অভিযোগ পাওয়া গেছে, জাহাজভাঙা ও শিপইয়ার্ড মালিকেরা শ্রমিকদের রাস্তায় নামিয়ে তাঁদের দাবি আদায়ের চেষ্টা করছেন। কী নিয়ে, কেন আন্দোলন হচ্ছে, সে সম্পর্কে শ্রমিকেরা কিছুই জানেন না।জানা গেছে, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের ১৭ মার্চ এক রায়ে ২৯ মার্চের (২০০৯) মধ্যে প্রতিটি ইয়ার্ডকে ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা এবং ছাড়পত্রবিহীন ইয়ার্ড বন্ধ করার ব্যবস্থা নিতে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ২৬ জানুয়ারি গেজেট আকারে প্রকাশিত ‘আমদানিনীতি আদেশ ২০০৯-২০১২-এর ৩৭(গ) ধারায় বর্জ্যমুক্ত জাহাজ আমদানি নিশ্চিত করার বিষয়টি সন্নিবেশিত করা হয়। আমদানিকারক ও ইয়ার্ড মালিকেরা অভিযোগ করছেন, দেশে জাহাজভাঙা ব্যবসা বন্ধ করতে নতুন এই আমদানিনীতি করা হয়েছে।অনুসন্ধানে জানা গেছে, ভারত, চীন, পাকিস্তান, তুরস্কসহ বিশ্বের যেসব দেশে পুরোনো জাহাজ ভাঙা হয় সেসব দেশে আমদানি পর্যায়ে পুরোনো জাহাজে কোনো ধরনের বিষাক্ত বর্জ্য কিংবা পরিবেশদূষণকারী কোনো ক্ষতিকর পদার্থ আছে কি না, তা কঠোর নজরদারিতে রাখা হয়। কিন্তু গত ৩০ বছরেও বাংলাদেশে এ ধরনের কোনো বিধিবিধান চালু হয়নি।ইন্টারনেট ঘেঁটে দেখা যায়, ভারতের গুজরাটের এলাং শিপ ব্রেকিং ও রিসাইক্লিনিং অঞ্চলে পুরোনো জাহাজ আমদানির আগে গুজরাট মেরিটাইম বোর্ড-১৯৮১-এর বিধিবিধান ও শর্তাবলি মেনে চলার জন্য ২০০০ সালের ৩০ সেপ্টেম্বর নোটিফিকেশন জারি করা হয়। ২৩ পৃষ্ঠার এ নোটিফিকেশনে পরিবেশসম্মত জাহাজ ভাঙা এবং শ্রমিকের স্বার্থ রক্ষার বিভিন্ন শর্ত পালন বাধ্যতামূলক করা হয়।বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সভাপতি জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘নতুন আমদানি আদেশ প্রত্যাহার করা না হলে কোনো রপ্তানিকারক আমাদের জাহাজ দেবে না। বিদেশি কোনো জাহাজ বিক্রেতা এ ধরনের কাগজ দিতে বাধ্য নন।’ বিএসবিএর সভাপতি বলেন, জাহাজে তো কোনো বর্জ্য থাকে না। বর্জ্য থাকলে জাহাজের নাবিকেরা তো আগেই মারা যেত।অভিযোগ উঠেছে, আমদানিকারক ও ইয়ার্ড মালিকেরা আমদানিনীতির ওই ধারা প্রত্যাহারে নিজেরা সফল হতে না পেরে এ শিল্পের শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করছেন। সীতাকুণ্ডের ইয়ার্ড এবং রি-রোলিং মিল এলাকা থেকে প্রায় ৩৫ ট্রাক শ্রমিক এনে ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরে মিছিল সমাবেশ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়। শ্রমিক লীগের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নবিষয়ক সম্পাদক সফর আলীর নেতৃত্বে ওই স্মারকলিপি দেওয়া হয়। সফর আলী স্বীকার করেন, তিনি এর আগে জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের নিয়ে রাজনীতি করেননি। গত রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশে অবশ্য সফর আলীকে দেখা যায়নি। মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকেরা জানান, সরকার জাহাজ কাটা বন্ধ করে দিচ্ছে বলে ইয়ার্ড মালিকেরা তাঁদের আন্দোলনে নামিয়েছেন। কোনো কোনো মালিক ফেব্রুয়ারি মাসের বেতন আটকে রাখার হুমকি দিয়ে রোববারের কর্মসূচিতে যেতে বাধ্য করেছেন।মানববন্ধনে আসা সিকো স্টিল নামের শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজ মানববন্ধনে এলে মালিক মাঝখানে কাজ না হওয়া বাকি দিনগুলোর বেতন দেবেন বলে জানিয়েছেন। সে কারণে এখানে এসেছি।’ তবে শ্রমিকদের এ ধরনের বক্তব্যকে অসত্য দাবি করে বিএসবিএর সভাপতি জাফর আলম বলেন, ‘এটা আমাদের নয়, শ্রমিকদের আন্দোলন। এই আদেশ পরিবর্তন না করলে প্রায় দুই লাখ শ্রমিক বেকার হয়ে যাবে।