শ্রমিকদের রেশনের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ দাবি
আসন্ন বাজেটে শ্রমিকদের রেশন, বাসস্থান, চিকিৎসা ও তাঁদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টারের জন্য বিশেষ বরাদ্দ এবং ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা করার দাবি করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।
গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ নগরের ২ নম্বর রেলগেট এলাকায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা শাখা আয়োজিত শ্রমিক সমাবেশ ও মিছিলে এই দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সমন্বয়ক নিখিল দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আবু নাঈম খান বিপ্লব। সমাবেশে রাজেকুজ্জামান বলেন, শোনা যাচ্ছে, এযাবৎকালের সবচেয়ে বড় বাজেট ঘোষিত হবে এবার। বিশাল বাজেটে শ্রমিকের জন্য কী বরাদ্দ থাকবে, তা অনুমান করা যায়। হয়তো অতীতের বাজেটগুলোর মতো শ্রমিকদের ভাগ্যে তেমন কিছু জুটবে না।