শ্রমিকদের লাঠিপেটা পুলিশের, পোশাক কারখানা বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার শিমুলতলা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকদের গতকাল মঙ্গলবার লাঠিপেটা করেছে পুলিশ। কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করার পর পুলিশ তাঁদের লাঠিপেটা করে।
সোনিয়া ফাইন নিট লিমিটেডের শ্রমিকেরা জানান, সকাল আটটার দিকে তাঁরা কর্মস্থলে গিয়ে দেখেন কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ ঝোলানো। তাঁরা ফটক খুলে ভেতরে যাওয়ার চেষ্টা করলে শিল্প পুলিশের সদস্যরা তাঁদের লাঠিপেটা করেন। একপর্যায়ে কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে তাঁরা কারখানার পাশে একটি খোলা মাঠে সমাবেশ করেন।
সমাবেশ থেকে শ্রমিকেরা অভিযোগ করেন, সরকার নতুন বেতনকাঠামো কার্যকর করলেও কারখানা কর্তৃপক্ষ তাঁদের সে অনুযায়ী বেতন-ভাতা দেয় না। কাজ থাকলে সোয়েটারপ্রতি পারিশ্রমিক দেওয়া হয়। কাজ না থাকলে তাঁদের মাত্র তিন হাজার ২৭০ টাকা করে বেতন দেওয়া হয়। কিন্তু নিয়ম অনুযায়ী তাঁদের পাওয়ার কথা অন্তত পাঁচ হাজার ৬৭৫ টাকা। এর প্রতিবাদ করলেই ছাঁটাই করা হয়। কিন্তু ছাঁটাই করা শ্রমিকদের নিয়ম অনুযায়ী পাওনা পরিশোধ করা হয় না।
তাঁরা জানান, মালিকপক্ষের স্বেচ্ছাচারিতার প্রতিকার চেয়ে তাঁরা শিল্প মন্ত্রণালয় ও বিজিএমইএ কর্তৃপক্ষসহ শিল্প পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের নিয়ে সোমবার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। কিন্তু তাঁদের কোনো দাবি মানা হয়নি। এর কয়েক ঘণ্টা পর সোমবার রাতে কারখানার সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল সকালে কারখানায় গেলে নিরাপত্তাকর্মীদের বাধার কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি।
যোগাযোগ করা হলে শ্রমিকদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহার করার কথা অস্বীকার করে শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকেরা কাজ না করায় মালিকপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেছে।