চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারকারী ও শ্রমিক সংগঠনের সংখ্যা একটিতে নামিয়ে আনতে নতুন করা আইনের বিরুদ্ধে রিট করেছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-মালিকদের তিনটি সংগঠন। সোমবার এসব রিটের ওপর হাইকোর্ট আলাদা শুনানি শেষে আইনের ওই ধারাটি চার সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। বিচারপতি মো. মমতাজ উদ্দীন আহমদ ও বিচারপতি নঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনাকারী হরিসাধন দেব বর্মন প্রথম আলোকে বলেন, ‘আমরা চট্টগ্রাম ও মংলা বন্দরের মালিক ও শ্রমিক সংগঠনের সংখ্যা একটিতে নামিয়ে আনার বৈধতা চ্যালেঞ্জ করেছি। আদালত আমাদের পক্ষে আদেশ দিয়েছেন।’বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন আইনটি বাতিল বা স্থগিত করা হলে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরে আগের মতো শ্রমিক-কর্মচারীদের অসংখ্য সংগঠন হবে। এর ফলে আগের মতো বন্দরে শ্রম অসন্তোষ সৃষ্টি হবে। ২০০৮ সালের ৪ মে গেজেট আকারে প্রকাশিত বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ পরবর্তীকালে জাতীয় সংসদে আইন হিসাবে পাস হয়। এ আইনের ১৮৫ (ক) ধারার ১, ২ এবং ৩ অনুচ্ছেদে উল্লেখ আছে, চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব শ্রমিক-কর্মচারীদের জন্য একটির বেশি সংগঠন থাকবে না। বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর জন্য একটি এবং তাদের নিয়ন্ত্রিত শ্রমিক-কর্মচারীদের জন্যও একটির বেশি ট্রেড ইউনিয়ন থাকবে না। বন্দর সূত্র জানায়, নতুন শ্রম আইন জারির পর চট্টগ্রামের যুগ্ম শ্রম অধিদপ্তর থেকে চিঠি দিয়ে বন্দরের নিজস্ব শ্রমিক-কর্মচারীদের সাত সংগঠনকে বিলুপ্ত করে একটি সংগঠন করা হয়। ডক শ্রমিকদের সংগঠনও একটিতে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এর আগে মংলা বন্দরে নতুন আইনের পূর্ণ বাস্তবায়ন হয়। সূত্র জানায়, স্টিভিডোরসদের সংগঠন বিএমএসএর সাবেক চেয়ারম্যান এইচ এম মনজুর আলম বাদী হয়ে হাইকোর্টে একটি রিট করেন। রিটে শ্রমিক নিয়োগকারীদের একটি সংগঠন করা সংক্রান্ত আইন বাতিলের আবেদন করা হয়। একই দিন ডক শ্রমিকদের পক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থনপুষ্ট শ্রমিক নেতা আবদুল আহাদ শ্রমিক সংগঠনের সংখ্যা একটিতে নামিয়ে আনার আইনের বিধান বাতিলের আবেদন করে হাইকোটে রিট করেন। চট্টগ্রাম বন্দর মার্চেন্ট শ্রমিক ইউনিয়ন, স্টিভিডোরিং কর্মচারী ইউনিয়ন ও সুইপিং গ্যাং শ্রমিক ইউনিয়ন যৌথভাবে একই আবেদনে আরও একটি রিট করেন। রিট দায়েরকারী চট্টগ্রাম বন্দর মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মীর নওশাদ হোসেন বলেন, ‘আমরা অধিকার আদায়ের জন্য আদালতে গেছি।’বার্থ অপারেটর প্রথাও স্থগিতের আদেশ: বার্থ অপারেটর ব্যবস্থার কার্যকারিতা তিন মাস স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি এ এইচ এম শাসমুদ্দীন চৌধুরী এবং বিচারপতি মো. দেলোয়ার হোসেইনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ গত ২৬ এপ্রিল এ আদেশ দেন।রিট আবেদনকারী মনজুর আলম বলেন, ‘চট্টগ্রাম বন্দরে বন্দর ব্যবহারকারী এবং শ্রমিক নিয়োগকারী অনেকগুলো সংস্থা আছে। তাদের সংখ্যা কোনো দিন একটিতে কমিয়ে আনা সম্ভব নয়। এ জন্য আমরা রিট করি।’