শ্রমিকদের সই জাল করে টাকা তোলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের সই জাল করে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ৩৮ জন শ্রমিক দুর্নীতি দমন কর্মকর্তা, জেলা প্রশাসক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সোনালী ব্যাংক বহরপুর শাখা ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছেন। ৩ জুন এ অভিযোগ করেন তাঁরা।ইসলামপুর ইউপি কার্যালয় সূত্র জানায়, চলতি বছর কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে ২১ এপ্রিল থেকে তিনটি প্রকল্পের কাজ শুরু হয়। এসব প্রকল্পের অধীনে দিয়ারা থেকে হলুদবাড়িয়া সেতু পর্যন্ত পাকা রাস্তার দুই পাশে চার ফুট করে মাটি ফেলে প্রশস্ত করার জন্য ২৫ জন এবং বাওনাড়া থেকে রাজধরপুর সড়ক প্রশস্তকরণের জন্য ৪৫ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া হড়াই সেতু থেকে ভেল্লাবাড়িয়া পর্যন্ত মাটির রাস্তা নির্মাণে অসমাপ্ত কাজের জন্য ২৯ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়।চুক্তি অনুযায়ী তাঁদের সপ্তাহে পাঁচ দিন কাজ করার কথা এবং প্রত্যেকে রোজ ১৭৫ টাকা করে পাওয়ার কথা। ব্যাংকে তাঁদের নিজ নিজ হিসাব নম্বরে এ টাকা চলে যাওয়ার কথা। কিন্তু প্রকল্পগুলোতে কাজ করা ৩৮ শ্রমিক অভিযোগ করেন, ১৯ দিন কাজ করার পর টাকা তুলতে গিয়ে তাঁরা দেখেন, অন্য কেউ তাঁদের টাকা তুলে নিচ্ছে। তাঁদের স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। এরপর থেকে তাঁরা আর কাজ করেননি।একনাগাড়ে ১৬ জুন পর্যন্ত প্রকল্প তিনটির কাজ চলার কথা। কিন্তু ৯ জুন ওই এলাকায় গিয়ে কোনো শ্রমিককেই কাজ করতে দেখা যায়নি। তবে হড়াই সেতু থেকে ভেল্লাবাড়িয়া প্রকল্পের সভাপতি ইবাদত শেখ জানান, তিনি শ্রমিকদের অভিযোগ সম্পর্কে কিছু জানেন না। কাজ বন্ধ রাখা সম্পর্কে তিনি বলেন, ‘অফিসের লোকজনকে ম্যানেজ করতে মাঝেমধ্যে কাজ বন্ধ রাখতে হয়। কাজ বন্ধ রাখার পেছনে বিশেষ কোনো কারণ নেই।’অপর দুই প্রকল্পের মধ্যে বাওনাড়া থেকে রাজধরপুর সড়ক উন্নয়ন প্রকল্পের সভাপতি আবদুল করিমের সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে ফোন দেওয়ার পর সাংবাদিক পরিচয় পেয়েই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিকবার মুঠোফোনে চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। দিয়ারা থেকে হলুদবাড়িয়া সেতু পর্যন্ত প্রকল্পের সভাপতি সাজেদা বেগমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।সোনালী ব্যাংকের বহরপুর শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, টাকা দেওয়ার সময় ব্যাংকে থাকা নমুনা স্বাক্ষর মিলিয়েই দেওয়া হয়েছে। তবে সই নকলের অভিযোগ পাওয়ার পর এখন টাকা দেওয়া বন্ধ আছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার) মো. কামরুজ্জামান বলেন, ‘আমার কাছেও অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান বলেন, ‘শ্রমিকদের সই নকল করে টাকা তোলার অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছি। ঘটনার সত্যতা প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’