নারায়ণগঞ্জে এক শ্রমিকের নদীতে পড়ে মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার জাহাজে মাল ওঠানো-নামানোর শ্রমিকদের সঙ্গে জাতীয় পার্টির (এরশাদ) লোকজনের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জের সব ব্যবসাপ্রতিষ্ঠান এক ঘণ্টা বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও শ্রমিকেরা জানান, শহরের নিতাইগঞ্জ তোলারাম মোড় এলাকায় বন্ধ হয়ে যাওয়া পপুলার জুট মিলের গুদাম ভাড়া করে সেখানে গম মজুদ করত জসিম ট্রেডার্স। সোমবার সকালে জসিম ট্রেডার্সের গম জাহাজ থেকে নামানোর সময় কাঠের সিঁড়ি ভেঙে গমের বস্তাসহ মনির হোসেন, জনি ও রাসেল নামের তিন শ্রমিক নদীতে পড়ে যান। জনি ও রাসেল সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মনির নিখোঁজ হন। শ্রমিকেরা ঘটনাটি শ্রমিক সরদার হারুন মিয়াকে জানান এবং মনিরকে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। কিন্তু হারুন বিষয়টি আমলে নেননি। সোমবার রাতে মনির বাড়ি না ফিরলে গতকাল সকালে তাঁর স্বজনেরা পপুলার জুট মিল এলাকায় এসে তাঁকে খোঁজেন। সহকর্মীরা মনিরের খোঁজ করতে গিয়ে দেখেন সোমবার মনির যে টিফিনবাটিতে খাবার এনেছিলেন, তা সেভাবেই পড়ে আছে। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকেরা সকাল সাড়ে ১০টায় জাহাজে মালামাল ওঠানো-নামানো বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে জাতীয় পার্টির (এরশাদ) কর্মী মেজবাহ উদ্দিন ও তাঁর লোকজন শ্রমিকদের মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে মেজবাহ ও তাঁর লোকজনের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া। পাল্টাপাল্টি ধাওয়া চলে ঘণ্টাব্যাপী। এতে পাইকারি ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জের সব ব্যবসাপ্রতিষ্ঠান বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মতিউর রহমান, স্থানীয় পৌর কাউন্সিলর কামরুল ইসলাম এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ। তাঁরা বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করেন। শ্রমিক মনিরের খোঁজে দুপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবুরি দল নামানো হলে পরিস্থিতি শান্ত হয়। বিকেল চারটায় ডুবুরিরা শীতলক্ষ্যা ঘাট এলাকা থেকে মনিরের লাশ উদ্ধার করেন। মাল ওঠানো-নামানোর শ্রমিক আবু বক্কর, জামাল হোসেন ও বাদশা মিয়া জানান, মনির নদীতে পড়ার সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধারের ব্যবস্থা নিলে তাঁর মৃত্যু হতো না। আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মতিউর রহমান জানান, পরে দুই পক্ষ বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ব্যাপারে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করেও মেজবাহ উদ্দিনকে পাওয়া যায়নি।