শ্রমিকদের সঙ্গে শাবল হাতে মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার দিনভর বৃষ্টিতে সিলেট নগরের একাংশ জলমগ্ন হয়ে পড়ে। ওই দিন নগরে জলাবদ্ধ অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এ কারণ চিহ্নিত করে গতকাল মঙ্গলবার নগরের গোয়ালীছড়ার একাংশ দখলমুক্ত করতে শ্রমিকেরা কাজ শুরু করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে মেয়রও শাবল-খুন্তি নিয়ে কাজ শুরু করেন। মেয়রকে কাজ করতে দেখে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ কয়েকজন দর্শনার্থীও মেয়রের সঙ্গে যোগ দেন। তাঁদের প্রচেষ্টায় গোয়ালীছড়ার ওই অংশ দখলমুক্ত হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, মধ্য নগরের ভেতর দিয়ে প্রবাহিত গোয়ালীছড়া মিলিত হয়েছে সুরমা নদীতে। এ ছড়ার মধ্যভাগ অবৈধ দখলে থাকায় বৃষ্টির পানি নিষ্কাশন হচ্ছিল না। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের একদল কর্মী ও শ্রমিক নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল সকাল সাড়ে ১০টা থেকে গোয়ালীছড়ার খারপাড়া ও সোনারপাড়া অংশ অবৈধ দখলমুক্ত করতে নামেন। মেয়র এক শ্রমিকের হাত থেকে একটি শাবল নিয়ে বাঁশের আড় উপড়ে ফেলেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দিনার খান বলেন, ‘মেয়র কাজ করছেন দেখে আমরাও তাঁর সঙ্গে কাজে নেমে পড়ি। এভাবে দুপুর সাড়ে ১২টার মধ্যে গোয়ালীছড়ার দখল করা অংশটি পরিষ্কার হলে দ্রুত পানি নিষ্কাশন হয়।’
মেয়র আরিফুল হক প্রথম আলোকে জানান, নগরে নয়টি ছড়া-খাল রয়েছে। এগুলো টিলা এলাকা থেকে নেমে সুরমা নদীতে মিলিত হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনে এ রকম প্রাকৃতিক সুবিধা খুব কম এলাকায় রয়েছে। এত দিন শুধু উদ্যোগ ছিল না বলে ছড়াগুলো অবৈধ দখলে থেকে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশন বন্ধ ছিল। হাতে গোনা কয়েক ব্যক্তির জন্য পুরো নগরের লোকজন জলাবদ্ধতায় কষ্ট পেতে পারেন না। ছড়া ও খালের এক ইঞ্চি জায়গাও কেউ দখল করে রাখতে পারবে না।