নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও বেতন বাড়ানোর দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ ৩০ জন আহত হয়েছেন। এ সময় রাবার বুলেটবিদ্ধ হয়েছেন দুজন। তাঁদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দুপুর ১২টার দিকে যান চলাচল শুরু হয়। উত্তেজিত শ্রমিকেরা মহাসড়কে থাকা সাত-আটটি যানবাহন ভাঙচুর করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বরপা এলাকায় অবস্থিত রপ্তানিমুখী অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং গার্মেন্টস লিমিটেড কারখানায় দুই হাজার ৬০০ শ্রমিক কাজ করেন। গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে দুই মাসের বকেয়া বেতন ও বেতন বাড়ানোর দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার ভেতর থেকে সড়কে নেমে আসেন। তাঁরা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন।পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে ব্যর্থ হয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর ১২টার দিকে সড়কে যান চলাচল শুরু হয়।সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর পরিচালক মাহবুব আলম জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ সময় এক রাউন্ড রাবার বুলেট ও ৪০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে।এ ব্যাপারে অন্তিম নিটিং ডাইং অ্যান্ড ফিনিশিং গার্মেন্টস লিমিটেডের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।