শ্রমিকদের সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে শ্রমিকদের প্রায় সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ব্যাপারে সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউ.েবা) সূত্রে জানা গেছে, শনির হাওরের ফসল রক্ষায় আহম্মকখালী এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছে। এর জন্য পাঁচটি প্রকল্প বাস্তবায়ন কমিটিকে (পিআইসি) বরাদ্দ দেওয়া হয়েছে ৬৫ লাখ টাকা। এই টাকার মধ্যে ৫৬ লাখ টাকা মাটি ভরাট এবং ১০ লাখ টাকা বাঁশ ও বস্তা ফেলার জন্য। এ কাজ সমন্বয়ের দায়িত্ব নেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ। জানা গেছে, হারুনুর রশিদ বাঁধে মাটি ভরাটের জন্য জামালপুর জেলার চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের সঙ্গে চুক্তি করেন। নুরুল ইসলাম শ্রমিক দিয়ে চুক্তি অনুযায়ী মাটি ভরাট করে দেন। কিন্তু পুরো টাকা পাননি। এ ব্যাপারে তিনি সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। নুরুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের সঙ্গে চুক্তি করার সময় সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী তাদের বিল হয়েছে ১৭ লাখ ১১ হাজার ৭৪৫ টাকা। কাজ চলাকালীন ১০ লাখ ১৫ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা দেওয়া হচ্ছে না। শ্রমিকদের এখনো প্রায় সাত লাখ টাকা বকেয়া আছে। তিনি অভিযোগ করেন, ‘এখানে পিআইসির লোকজন কিছু না, হারুনুর রশিদই মূল। তিনি পাউবোর এক কর্মকর্তাকে নিয়ে শ্রমিকদের টাকা আত্মসাৎ করেছেন।’ এ ব্যাপারে পিআইসির এক সভাপতি জিয়া উদ্দিন বলেন, ‘আমরা আসলে ওই কাজের ব্যাপারে কিছু জানি না। চেয়ার্যমান সবকিছু দেখছেন।’তবে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বলেছেন, ‘কাজ করার সঙ্গে সঙ্গে শ্রমিকদের টাকা দেওয়া হয়েছে। ঠিকাদার নুরুল ইসলামের অভিযোগ সত্য নয়।’সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী শৈলেন চন্দ্র পাল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি যতদূর জানি, এ বিষয়ে একটা সমঝোতা হয়েছে।’