গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (বিআরআরআই) গতকাল সোমবার শ্রমিকদের হামলায় তিন বৈজ্ঞানিক কর্মকর্তা আহত হয়েছেন। এ ছাড়া অর্ধশত বৈজ্ঞানিক কর্মকর্তাকে দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত মহাপরিচালকের সভাকক্ষে অবরোধ করে রাখা হয়। বিআরআরআইয়ের কয়েকজন বৈজ্ঞানিক কর্মকর্তা এ অভিযোগ করেছেন। আহত বিজ্ঞানীরা হলেন বিআরআরআইয়ের খামার ব্যবস্থাপনা বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা রেজাউল মনির এবং প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তাপস কুমার সরকার ও কামরুজ্জামান। বৈজ্ঞানিক কর্মকর্তা রেজাউল মনির বলেন, ‘বিআরআরআইয়ে টেন্ডার, নিয়োগ ও বদলি-বাণিজ্যের প্রতিবাদ করায় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহজাহান কবীর তাঁর সঙ্গীদের নিয়ে আমাকেসহ কয়েকজন সহকর্মীকে নানাভাবে হুমকি দিয়ে আসছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের হাজিরাসংক্রান্ত বিষয় নিয়ে পরিচালক (প্রশাসন) জীবনকৃষ্ণ বিশ্বাসের কক্ষে বৈঠক চলছিল। একপর্যায়ে আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিকনেতা আবদুল মজিদসহ কয়েকজন শ্রমিক পরিচালকের কক্ষে ঢুকে আমাদের কয়েকজনের ওপর চড়াও হন।’একাধিক বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, ওই ঘটনার বিচারের দাবিতে বিজ্ঞানীরা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. সাইদুল ইসলামের কাছে যান। এ নিয়ে মহাপরিচালক বিজ্ঞানীদের সঙ্গে সভাকক্ষে আলোচনা করছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে আবদুল মজিদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জোর করে সভাকক্ষে ঢোকেন। এরপর তাঁরা রেজাউল মনির, কামরুজ্জামান ও তাপস কুমার সরকারের ওপর হামলা চালান। পরে অন্য বিজ্ঞানীরা সহকর্মীদের উদ্ধার করতে গেলে তাঁদেরও লাঞ্ছিত করা হয়।প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠকের পর ইফতারের আগমুহূর্তে শ্রমিকেরা মহাপরিচালকের কক্ষের দরজায় লাথি মেরে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় বিজ্ঞানীরা মহাপরিচালকের কক্ষে অবস্থান করছিলেন।পুলিশ জানায়, বৈজ্ঞানিক কর্মকর্তাদের অবরোধ করে রাখার খবর পেয়ে জয়দেবপুর থানার পুলিশ ও গাজীপুরের জেলা প্রশাসকের প্রতিনিধি ঘটনাস্থলে যান। পরে অবরুদ্ধ বিজ্ঞানীদের পুলিশি পাহারায় রাত নয়টার দিকে বাসায় পাঠানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একজন বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ-সমর্থিত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শাহজাহান কবীর ও বৈজ্ঞানিক কর্মকর্তা হুমায়ুন কবীরের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। শাহজাহানের পক্ষে কিছু শ্রমিক ও নন-কৃষিবিদ রয়েছেন। আর হুমায়ুন কবীরের পক্ষে রেজাউল মনির, তাপস কুমার সরকারসহ বেশির ভাগ কৃষিবিদ ও বিজ্ঞানীরা রয়েছেন। বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিআরআরআই শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মজিদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। সব অভিযোগ অস্বীকার করে শাহজাহান কবীর প্রথম আলোকে বলেন, বৈজ্ঞানিক কর্মকর্তাদের মারধর কিংবা অবরোধ করে রাখার অভিযোগ সঠিক নয়। তাঁরা সেখানে বৈঠকে বসেছেন। বৈঠক শেষ হওয়ার পর তাঁরা বাসায় ফিরে যান।বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. সাইদুল ইসলাম মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমরা অবরুদ্ধ অবস্থায় ছিলাম। ঠিকমতো ইফতারও করতে পারিনি।’জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ধান গবেষণা ইনস্টিটিউটে দুই পক্ষের মধ্যে দুপুর থেকে উত্তেজনা শুরু হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।