রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুরে গতকাল শুক্রবার কয়েকজন শ্রমিকের হামলায় পোশাক কারখানার কর্মকর্তা আবদুস সালাম নিহত হয়েছেন। এর প্রতিবাদে ওই কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক ও হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।নিহত সালাম এজেআই গ্রুপের ‘পলো কম্পোজিট নিট ওয়ার লিমিটেড’-এর ছাপা বিভাগের ব্যবস্থাপক ছিলেন। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর গ্রামে।সাভার থানা ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার কারখানার শ্রমিক মো. ইসমাইল, রফিক, সোহাগ, মনির ও নাজমুলকে ছাপা বিভাগ থেকে ডাইং বিভাগে বদলি করা হয়। তাঁরা বদলি বাতিলের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে ওই দিনই পদত্যাগ করেন। শ্রমিকেরা এই বদলির জন্য কারখানার সালামকে দায়ী করে তাঁর ওপর ক্ষুব্ধ হন। এই শ্রমিকেরাই সালামের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলার প্রত্যক্ষদর্শী ও সালামের আত্মীয় মুরাদ হোসেন জানান, সালাম কারখানা থেকে বের হলে তাঁর সঙ্গে দেখা হয়। দুজনের বাসা পাশাপাশি হওয়ায় হেঁটেই তাঁরা বাসায় যাচ্ছিলেন। কিছু দূর এগোতেই কয়েকজন শ্রমিক তাঁদের ধাওয়া করেন। তাঁরা দৌড়ে কাছের একটি দোকানে ঢোকেন। শ্রমিকেরা সেখানে গিয়ে সালামকে আটক করে হাতুড়ি ও কাঠের লাঠি দিয়ে বেধড়ক পেটান। একপর্যায়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। সালামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।স্থানীয় সূত্র জানায়, আবদুস সালামের নিহত হওয়ার খবর পেয়ে ওই কারখানার শ্রমিকেরা হত্যাকাণ্ডের প্রতিবাদে দুপুর আড়াইটার দিকে প্রথমে কারখানার সামনে ও পরে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়ক অবরোধ করেন। পরে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকেরা সড়কের ওপর টায়ার রেখে তাতে আগুন ধরিয়ে দেন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিকেল সাড়ে চারটার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আবদুল কাদের জানান, কারখানার ছাপা বিভাগে কাজের চাপ কম থাকায় বৃহস্পতিবার পাঁচ শ্রমিককে ডাইং বিভাগে বদলি করা হয়। তিনি অভিযোগ করেন, ওই শ্রমিকদের হামলায় আবদুস সালাম নিহত হন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর আবদুস সালামের লাশ তাঁর গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। বদলি করায় ক্ষুব্ধ শ্রমিকদের হামলায় তিনি নিহত হয়েছেন বলে প্রায় নিশ্চিত হওয়া গেছে। কারখানা বা পরিবারের কাউকে বাদী করে হত্যা মামলা করা হবে।