শ্রমিকদের ১৩ সন্তানের এসএসসির ফরম পূরণ অনিশ্চিত
তিন বছর ধরে খুলনার দাদা ম্যাচ কারখানা বন্ধ থাকায় কর্মহীন কারখানার শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাঁদের ১৩ জন সন্তানের এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু ফরম পূরণের টাকা জোগাড় করতে না পারায় তাদের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। নগরের রূপসা অঞ্চলে অবস্থিত ওই কারখানা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৮ আগস্ট সম্পূর্ণ চালু অবস্থায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। ফলে কারখানার সাত শতাধিক শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েন। কারখানার শ্রমিকেরা জানান, এরই মধ্যে ২০ জনেরও বেশি শ্রমিক অর্থাভাবে প্রায় বিনা চিকিৎসায় মারা গেছেন। অধিকাংশ শ্রমিকই দিনমজুরি করে বা রিকশা-ভ্যান চালিয়ে কোনো রকমে জীবিকা নির্বাহ করছেন।দাদা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার বিদ্যালয়টি থেকে ৩০ জন এসএসসি পরীক্ষা দেবে। এর মধ্যে দাদা ম্যাচ কারখানার শ্রমিকদের ১৩ জন সন্তান রয়েছে। ১৫ নভেম্বর ফরম পূরণের শেষ তারিখ হলেও এখনো তাদের কেউই টাকা জোগাড় করতে পারেনি।বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী অমিত চন্দ্র মল্লিক বলেন, ‘আমরা তিন ভাইবোন পড়ালেখা করি। বাবা চাকরি হারিয়ে শহরে একটা প্রেসে কাজ করে কোনো রকমে আমাদের খাবার জোগাড় করছেন। এখনো ফরম পূরণের টাকার জোগাড় হয়নি।’ একই বিভাগের শিক্ষার্থী সুমি আকতার বলেন, ‘আব্বা যখন যে কাজ পায়, তা-ই করে। এখন পরীক্ষার জন্য তিন হাজার টাকা দেবে কোথা থেকে?বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দীন গাজী বলেন, ১৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া হবে কি না, তা নিয়ে তিনিও চিন্তিত। ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপংকর বিশ্বাস বলেন, ‘শ্রমিকেরা দীর্ঘদিন থেকে বেতন না পাওয়ায় অতি কষ্টে দিন কাটাচ্ছে। তাদের সন্তানদের এসএসসির ফরম পূরণে আমি সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন জানাচ্ছি।’