শ্রমিকদের ১৮ সন্তানের ফরম পূরণ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার অভাবে খুলনার রূপসা শিল্পাঞ্চলের ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ (কারখানা) মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থীর এসএসসির পরীক্ষার ফরম পূরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওই শিক্ষার্থীরা বন্ধ হয়ে যাওয়া দাদা ম্যাচ কারখানার শ্রমিকদের সন্তান। চাকরি না থাকায় ওই শ্রমিকেরা ফরম পূরণের টাকা দিতে পারছেন না।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। বোর্ড ফি ও তিন মাসের কোচিং ফি মিলিয়ে প্রত্যেক শিক্ষার্থীর ফরম পূরণ করতে প্রায় সাড়ে তিন হাজার টাকা লাগবে। নির্বাচনী পরীক্ষায় পাস করা ৫২ শিক্ষার্থীর মধ্যে ইতিমধ্যে ৩৪ জন ফরম পূরণ করেছে। টাকার অভাবে বাকি ১৮ জন ফরম পূরণ করতে পারেনি।
প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন গাজী জানান, ফরম পূরণ করতে না পারা ১৮ জন শিক্ষার্থী দাদা ম্যাচ কারখানার শ্রমিকদের সন্তান। টাকা না থাকায় তারা ফরম পূরণ করতে পারছে না। ফারুক হোসেন নামের একজন অভিভাবক বলেন, ‘ফরম পূরণ শুরু হলেও কোনো উপায় নেই। খেতেই পারি না, আবার ফরম পূরণ করি কী করে।’
দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, ২০১০ সাল থেকে দাদা ম্যাচ কারখানা বন্ধ। বেকার থাকায় শ্রমিকেরা তাঁদের সন্তানদের লেখাপড়ার খরচ দিতে পারছেন না। এর মধ্যে যারা পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে, পরীক্ষার ফরম পূরণের সময় তারা আটকে যাচ্ছে। সমাজের বিত্তবান ব্যক্তিরা সহায়তা করলে তাদের ফরম পূরণ করা সম্ভব হবে।