আন্দোলন-ধর্মঘট ও কারখানা বন্ধের জন্য পরোক্ষভাবে শ্রমিকদেরই দায়ী করলেন তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, শ্রমিকেরা যদি কয়েকটি দিন ধৈর্য ধরে বেতন নিতেন আর ঠিকা কাজের উৎপাদন অব্যাহত রাখতেন তবে তিন মাসের বেতন ও ঈদ বোনাস দিতে কোনো ব্যাঘাত হতো না।
এক হাজার ৪৫০ জন শ্রমিকের গত ঈদের বোনাস ও চাকুরিচ্যুতির ক্ষতিপূরণ ছাড়াই উত্তর বাড্ডার পাঁচ কারখানা বন্ধ করার বিষয়ে দেলোয়ার বলেছেন, ‘আমার কিছু করার ছিল না। কারখানা চালানোর ক্ষমতা আমার নেই।’ শ্রমিকদের পাওনার বিষয়ে তিনি দাবি করেন, ‘শ্রমিকেরা কোনো টাকা পাবে না।’
কারওয়ান বাজারে সুন্দরবন হোটেলে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, ‘ব্যাংক, বিমা ও কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি স্বল্প সুদে ২৫ থেকে ৩০ কোটি টাকা ঋণ দেয় তবে আবার ঘুরে দাঁড়াতে পারব। কারখানাগুলো সচল করতে পারব।’ অবশ্য ঋণ পাওয়ার জন্য বন্ধক রাখার মতো কোনো সম্পত্তি নেই বলেও জানান তিনি।
এর আগে পাওনা আদায়ে শ্রমিকেরা অবৈধ ধর্মঘট করেছেন, এমন অজুহাতে ১৮ আগস্ট শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী তোবার পাঁচ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন দেলোয়ার। কারখানা বন্ধের নোটিশে তিনি অভিযোগ করেছিলেন, উচ্ছৃঙ্খল শ্রমিক ও বহিরাগত ব্যক্তিরা কারখানার মালামাল লুট করেছেন ও মেশিনের যন্ত্রপাতি, কাঁচামাল নষ্ট করে বিপুল আর্থিক ক্ষতি করেছেন। শ্রমিকদের এরূপ আচরণ অবৈধ ধর্মঘটের শামিল। গতকালের সংবাদ সম্মেলনে একই ধরনের অভিযোগ করেন দেলোয়ার। অবশ্য তিনিই আবার দাবি করেন, ওই পাঁচ কারখানার সব যন্ত্রপাতি ৫০ লাখ টাকায় বিক্রি করেছেন।
এসব অভিযোগের বিষয়ে তোবার শ্রমিকদের অনশনের নেতৃত্ব দেওয়া গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতেই দেলোয়ার এই নাটক সাজিয়েছেন। এসব অভিযোগের বাস্তব ভিত্তি নেই, মিথ্যা। তিনি আরও বলেন, ‘তাজরীনের পর থেকে আমরা দেলোয়ারের কান্নাকাটি ও অভিনয় দেখে আসছি। এতে গলে যাওয়ার কোনো কারণ নেই।’
কারখানা বন্ধের আগে বিজিএমইএর নেতাদের সঙ্গে পরামর্শ করেছেন কি না—জানতে চাইলে দেলোয়ার বলেন, ‘বন্ধ করা ছাড়া আমার কোনো রাস্তা নেই। আমি নিঃস্ব। আমার সব শেষ হয়ে গেছে। আমার বিক্রি করার মতো আর কোনো সম্পত্তি নেই। বিজিএমইএ তো আর এ বিষয়ে আমাকে সাহায্য সহযোগিতা করবে না।’ তিনি অন্য মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘যদি শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তবে আমার খুব উপকার হয়। আমার প্রত্যেক শ্রমিকই দক্ষ।’ সংবাদ সম্মেলনে শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন দেলোয়ার। কান্নাজড়িত কণ্ঠে তিনি তাঁর বক্তব্য পড়েন।