গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেছেন, ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করতে হলে তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পে শ্রমিকদেরও মালিকানা থাকা উচিত। এতে করে বৈষম্য দূর হওয়ার ক্ষেত্র তৈরি হবে। গতকাল শুক্রবার বিকেলে সমাজ গবেষণা কেন্দ্র ও প্রগ্রেসিভ ফোরামের উদ্যোগে আয়োজিত অধ্যাপক নজরুল ইসলামের আগামী দিনের বাংলাদেশ গ্রন্থের ওপর আলোচনা অনুষ্ঠানে রেহমান সোবহান এ কথা বলেন। পুরানা পল্টনের মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবন মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। রেহমান সোবহান তাজরীন ফ্যাশনস কারখানাসহ তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও শ্রমিক অসন্তোষের প্রসঙ্গ তুলে ভবিষ্যতে তা এড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ভূমিহীনদের বিষয়ে সরকারকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিয়ে রেহমান সোবহান বলেন, অনাবাদি বা পতিত জমি ভূমিহীনদের মধ্যে বিতরণ করা যায়। এতে করে দারিদ্র্য বিমোচনের পথ প্রসারিত হবে। আলোচ্য গ্রন্থের বিষয় উল্লেখ করে রেহমান সোবহান বলেন, এ ধরনের গ্রন্থ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য জরুরি।সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায় ‘আগামী দিনের বাংলাদেশ’ বিষয়ে অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ তো বটেই, তার আগে দেশের সাম্প্রতিক সময়ের সংঘাতময় রক্তপাতের রাজনীতি নিয়ে রাজনীতিবিদদের চিন্তা করা উচিত। ‘পুঁজিবাদের ভেতরে সমাজতন্ত্র এবং সমাজতন্ত্রের ভেতরে পুঁজিবাদ ঢুকে গেছে’ মন্তব্য করে অর্থনীতিবিদ বিনায়ক সেন বলেন, আগামী দিনের রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে, কেননা বিকল্প রাজনৈতিক শক্তি মুখ থুবড়ে পড়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, রাষ্ট্র নাগরিকদের জন্য বোঝা হয়ে গেছে। সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না। বর্তমানে রাষ্ট্রই যেন রাষ্ট্র লুণ্ঠনের জন্য কাজ করছে। নিজের লেখা বই সম্পর্কে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, সমাজতন্ত্রের বিষয়ে সৃষ্ট হতাশা ও পুঁজিবাদের বর্তমান গভীর সংকটের ওপর আলোকপাত করতে গিয়ে এতে ভবিষ্যতের কথা উঠে এসেছে।সভায় অন্যদের মধ্যে অর্থনীতিবিদ আনিসুর রহমান, আহমদ মাযহার, অধ্যাপক কাজল ব্যানার্জি, সাজ্জাদ জহির, প্রগ্রেসিভ ফোরামের সভাপতি খুরশিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।