শ্রমিকনেতা আবুল বাশার আর নেই
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, মুক্তিযোদ্ধা আবুল বাশার আর নেই। গতকাল রোববার ভোর পৌনে সাতটায় তিনি রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য অনুসারী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় শ্রমিক ফেডারেশন তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। আবুল বাশারের মরদেহ গতকাল সকাল ১০টায় তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেননসহ কেন্দ্রীয় নেতারা। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১২টায় মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান।এ ছাড়া গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নেতা রায় রমেশ চন্দ্র, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানসহ বিভিন্ন সংগনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনারে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সেখানে জানাজা শেষে মরদেহ গতকাল রাতে চট্টগ্রামে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ কেরুয়া গ্রামে মরদেহ দাফন করা হবে।প্রবীণ এই শ্রমিকনেতার মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, যোগাযোগমন্ত্রী আবুল হোসেন, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।