বাংলাদেশে পোশাকশ্রমিক নেতা আমিনুল ইসলাম অপহরণ ও হত্যার ঘটনায় সরকারের অবস্থানের কড়া সমালোচনা করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে। বাংলাদেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ওপর নির্যাতন নিয়ে এই প্রতিবেদনটি গত রোববার প্রকাশিত হয়। জুলফিকার আলী মানিকের সহায়তায় প্রতিবেদনটি লিখেছেন জিম ইয়ার্ডলি। ‘ফাইটিং ফর বাংলাদেশ লেবার, অ্যান্ড এন্ডিং আপ ইন পপারস গ্রেভ’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি পোশাকশ্রমিকেরা তাঁদের পাওনা মজুরি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্ব্যবহারসহ বিভিন্ন সমস্যা নিয়ে আমিনুল ইসলামের কাছে যেতেন। আমিনুল তাঁদের সমস্যা নিয়ে মালিকপক্ষের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।অন্যদিকে নিরাপত্তা বাহিনী আমিনুলের পেছনে লেগেছিল। তাঁর ফোন রেকর্ড করা হতো এবং তাঁকে প্রায়ই নির্যাতন করত পুলিশ। অভ্যন্তরীণ গোয়ান্দা বাহিনীর লোকজন আমিনুলকে একবার অপহরণ ও প্রচণ্ড মারধর করে বলে তাঁর সহকর্মী ও পরিবার সূত্র জানিয়েছে। তখন তাঁকে সপরিবারে হত্যার হুমকিও দেওয়া হয়। সেবার তিনি পালিয়ে আসতে সমর্থ হয়েছিলেন। এরপর তিনি গত ৪ এপ্রিল নিখোঁজ হন। চার দিন পর তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার সঙ্গে দেশটিতে প্রচলিত রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে নির্মম মিল পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, এ ঘটনা একটি জটিল প্রশ্নের উদ্রেক করে। সেটি হলো, শ্রমিকদের সংগঠিত করার কারণেই কি আমিনুলকে হত্যা করা হয়েছে? ঘটনার পাঁচ মাস পরও তদন্ত শেষ হয়নি। এই মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তদন্তের অগ্রগতি সামান্য বলে পুলিশ জানিয়েছে। তাঁর বিধবা স্ত্রী ফাহিমা এখন সন্তানদের নিয়ে অসহায় ও অনিশ্চিত দিন কাটাচ্ছেন। তিনি জানান, তাঁর স্বামী কারখানার শ্রমিকদের অধিকারের জন্য কাজ করতেন। আর সে কারণেই কেউ তাঁকে মেরে ফেলেছে।প্রতিবেদনে আরও বলা হয়, অপহূত হওয়ার দিনে পোশাকশ্রমিদের মজুরি নিয়ে আন্দোলনের ফলে কয়েকটি কারখানায় অচলাবস্থা নিষ্পত্তির চেষ্টা করছিলেন আমিনুল। তখন পরিচিত এক ব্যক্তি এসে তাঁর বিয়ে পড়ানোর অনুরোধ করে আমিনুলকে ডেকে নিয়ে যান। এরপর তাঁকে আর পাওয়া যায়নি। গোয়েন্দা সংস্থার সঙ্গে ওই লোকটির যোগসাজশ ছিল বলে ধারণা করা হচ্ছে। শ্রমিকদের নিয়ে কাজ করার কারণে আমিনুলের বিরুদ্ধে ২০১০ সালে ‘রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগ আনা হয়েছিল। বাংলাদেশে শ্রমিক নির্যাতনের কথা উল্লেখ করে মার্কিন শ্রমিক সংগঠনগুলোর জোট (এএফএল-সিআইও) বাংলাদেশকে বাণিজ্যে অগ্রাধিকার দেওয়া থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি সম্প্রতি আবেদন করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।