শ্রমিক সংগঠক আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চলছে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা গতকাল বৃহস্পতিবার শ্রমমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে মন্ত্রী তাঁকে এ তথ্য জানান। বেলা পৌনে তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তাঁরা বাংলাদেশের শ্রমবাজার, শিশুশ্রম, বিদেশে বাংলাদেশের শ্রমিকদের যাওয়া, মানবপাচারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের শিশুশ্রম পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকার শিশুশ্রম বন্ধে একটি নীতিমালা করেছে। বিদেশে বাংলাদেশের শ্রমিকদের কাজ করতে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখন বাংলাদেশ থেকে যারা কাজ করতে যাচ্ছে, তারা স্মার্ট কার্ড নিয়ে যাচ্ছে। এতে তাদের সব তথ্য থাকছে। এ ছাড়া মানবপাচার বন্ধে সরকার নতুন আইন করেছে। বৈঠকের একপর্যায়ে রাষ্ট্রদূত বলেন, শ্রমিকনেতা আমিনুল ইসলামের হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। এ সময় মন্ত্রী তাঁকে বলেন, ‘শ্রমিকনেতা আমিনুল ইসলাম কখনোই সরকারবিরোধী আন্দোলনে জড়িত ছিলেন না। তাঁর সঙ্গে সরকারের কোনো সমস্যা নেই। কেন, কীভাবে তাঁকে হত্যা করা হলো সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। তদন্তে এ বিষয়ে বিস্তারিত বেরিয়ে আসবে।’