শ্রমিকনেতা গ্রেপ্তার, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা গতকাল সোমবার সকাল নয়টা থেকে ট্রাক টার্মিনালের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে যায়। চাঁদাবাজির মামলায় সংগঠনের দপ্তর সম্পাদক আবু তালেবকে পুলিশ রোববার রাতে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে তাঁরা অবরোধ করেন।পরে পুলিশ আবু তালেবকে আদালতে হাজির করার শর্তে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমানুল্লাহ ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রেণু মিঞার জিন্মায় মুক্তি দিলে এক ঘণ্টা পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।পুলিশ জানায়, পঞ্চগড় সদর উপজেলার লাঙ্গলগাঁয়ে অবস্থিত কাজী ফার্মসের ঢেমসিমারী ইউনিটের ডিম পরিবহন ট্রাকের কাছ থেকে জোর করে চাঁদা নেওয়ার অভিযোগে আবু তালেবসহ ১০-১২ জনের নামে কাজী ফার্মসের নিরাপত্তা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ৮ অক্টোবর রাতে মামলা করেন। এই মামলায় আবু তালেব গ্রেপ্তার হন।জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (২৬৪) সাধারণ সম্পাদক রেণু মিঞা বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ডিম, খাদ্য ও লিটারের গাড়ি ওঠানো-নামানোর কাজ করে আসছি। হঠাৎ করে কাজী ফার্মস কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায় এ কাজ শুরু করে। শ্রমিকেরা প্রতিবাদ করলে তাঁদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করা হয়।কাজী ফার্মসের নির্বাহী পরিচালক কাজী রেজাউল হাসান বলেন, ৭ অক্টোবর রাতে আবু তালেবসহ ১০-১২ জন চাঁদার দাবিতে ডিম পরিবহনে বাধা দেন। চাঁদা না দিলে ফার্মের ভেতর ট্রাক ঢুকতে দেবেন না বলে হুমকি দেন। বাধ্য হয়ে চালক ট্রাক ফেরত নিয়ে চলে যান। পঞ্চগড় থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া আবু তালেবকে ছেড়ে দেওয়া হয়নি। ১৬ অক্টোবর আদালতে হাজির করার শর্তে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।