শ্রমিকনেতা জাহাঙ্গীর আলমের মুক্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীর মুক্তির দাবিতে শেরপুরে সংবাদ সম্মেলন হয়েছে। সংগঠনটির শেরপুর জেলা শাখা গতকাল সোমবার জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গতকাল দুপুরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং শেরপুর জেলা শাখার আহ্বায়ক তালাত মাহমুদ।
লিখিত বক্তব্যে তালাত মাহমুদ বলেন, ৫ মার্চ জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই নির্বাচনে সভাপতি পদে তাঁর (জাহাঙ্গীর চৌধুরী) নিশ্চিত বিজয়ের সম্ভাবনা দেখা দেওয়ায় একটি প্রভাবশালী মহল তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই এবং ব্যালট পেপারে গণহারে সিল মারার ঘটনা ঘটায়। এ কারণে নির্বাচন স্থগিত করা হয়।
পরে ৫ মার্চ সন্ধ্যায় শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘটনার বর্ণনা দিয়ে দোষী ব্যক্তিদের বিচারসহ অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানান। কিন্তু ওই দিন রাতেই পুলিশ জয়পুরহাটের পাঁচবিবির বাসা থেকে একটি ‘মিথ্যা’ মামলায় তাঁকে গ্রেপ্তার করে। এ অবস্থায় সংবাদ সম্মেলনে শেরপুরের শ্রমিক নেতৃবৃন্দ অবিলম্বে জাহাঙ্গীর চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছেন।