বাংলাদেশ রেলওয়ের এক কর্মচারীর তাৎক্ষণিক বদলির প্রতিবাদে গতকাল রোববার রেলওয়ে শ্রমিক লীগের ব্যানারে শতাধিক কর্মী পূর্বাঞ্চলীয় প্রধান কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন। তাঁরা ওই কর্মচারীর বদলির আদেশ বাতিল না করলে রেলের চাকা থামিয়ে দেওয়ারও হুমকি দেন।বদলির আদেশ হওয়া ওই কর্মচারীর নাম শেখ মো. লোকমান হোসেন। তিনি রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক।সূত্র জানায়, রেলওয়ে পূর্বাঞ্চলে ৮৪ জন খালাসি নিয়োগকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় রেলওয়ের প্রধান ভান্ডার নিয়ন্ত্রক চৌধুরী মো. ঈশা-ই-খলিলের সঙ্গে তিন কর্মচারী বাদানুবাদে জড়িয়ে পড়েন। তাঁরা হলেন প্রধান সহকারী শেখ মো. লোকমান হোসেন, উচ্চমান সহকারী ফেরদৌস আলম এবং অপর কর্মচারী আবদুল করিম।বাদানুবাদের একপর্যায়ে তাঁরা প্রধান ভান্ডার নিয়ন্ত্রককে শারীরিকভাবে নাজেহালের পর নিজ কক্ষ থেকে বের করে দেন। এরপর ওই তিন কর্মচারী প্রধান ভান্ডার নিয়ন্ত্রকের কক্ষে তালা লাগিয়ে পাশের ফুলের বাগান তছনছ করেন। ওই ঘটনায় চৌধুরী মো. ঈশা-ই-খলিল বাদী হয়ে ওই দিন রাতে তিনজনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেন। পাশাপাশি লোকমান হোসেনকে রাজশাহীতে বদলি করা হয়।লোকমান হোসেন নতুন কর্মস্থলে না গিয়ে ‘হয়রানিমূলক বদলি ও মামলার’ প্রতিবাদে গতকাল রেলওয়ে ভবনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। এ সময় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শফর আলী এই মামলা প্রত্যাহার এবং বদলির আদেশ বাতিল না হলে রেলের চাকা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। গতকালের সমাবেশে লোকমান হোসেনসহ একাধিক কর্মচারী বক্তব্য দেন। প্রধান ভান্ডার নিয়ন্ত্রককে শারীরিকভাবে নাজেহাল করার কথা অস্বীকার করে লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, ‘তাঁর সঙ্গে আমাদের কথা-কাটাকাটি হয়েছে। যে ৮৪ জন খালাসি নিয়োগ দেওয়া হয়েছে, তাঁদের তালিকা প্রকাশ করা হয়নি। আমরা তালিকা টাঙানোর দাবি জানিয়েছিলাম। এ জন্য আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ গতকাল দুপুরে পাহাড়তলীতে অবস্থিত পূর্বাঞ্চলীয় রেলওয়ের প্রধান ভান্ডার নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে ৮৪ জনের ওই তালিকা টাঙানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে লোকমান হোসেন অভিযোগ করেন, ‘সরকারদলীয় লোকজনকে যথেষ্ট চাকরি দেওয়া হয়নি। এ নিয়ে আমাদের সঙ্গে বাগিবতণ্ডা হয়েছে। আজ (রোববার) বিক্ষোভ-সমাবেশ করেছি।’তবে এ ব্যাপারে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন প্রধান ভান্ডার নিয়ন্ত্রক চৌধুরী মো. ঈশা-ই-খলিল। এদিকে রেলওয়ে ভবনে বিক্ষোভ সমাবেশ শেষে পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপককে স্মারকলিপি দেয় রেলওয়ে শ্রমিক লীগ। গতকাল স্মারকলিপি দেওয়ার সময়ও তারা মহাব্যবস্থাপকের কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন ও হইচই করে। এ সময় মহাব্যবস্থাপক তাঁর কার্যালয়ে ছিলেন না।