শ্রমিকনেতা লাকী মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারের ১৮ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন গার্মেন্ট শ্রমিকনেতা লাকী আক্তার। রোববার রাতে গাজীপুরের বড়বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সাদেকুর রহমান বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা শোধ না করে গত শনিবার হুট করে গাজীপুরের ‘ভিউ ফ্যাশন লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয়। কারখানা খোলার দাবিতে শনিবার সকাল থেকেই আন্দোলন করছিলেন শ্রমিকেরা। এতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের গাজীপুর জেলার নেতা লাকী আক্তার নেতৃত্ব দিচ্ছিলেন। পরে রোববার রাত ১২টার দিকে সাদাপোশাকে কয়েক ব্যক্তি লাকী আক্তারকে তাঁর বাসা থেকে তুলে নিয়ে যান। তিনি বলেন, ‘পরে আমরা নিশ্চিত হই জয়দেবপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।’
সাদেকুর বলেন, লাকী আক্তারের মুক্তি ও ভিউ ফ্যাশন লিমিটেড খুলে দেওয়ার দাবিতে গতকাল সকালে শ্রমিকেরা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও করেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে লাকী জামিন পান এবং সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।