শ্রমিকনেতা হত্যার বিচারের দাবিতে নান্দাইলে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল মনসুর ভূঁইয়ার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত শুরু করার দাবিতে গতকাল রোববার মিছিল সমাবেশ হয়েছে। উপজেলা আওয়ামী লীগ এ আয়োজন করে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৪ সালের ২০ নভেম্বর নান্দাইল পৌর শহরে শ্রমিক নেতা আবুল মনসুর ভূঁইয়াকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ৪৭ জনকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা করেন। হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিরা ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানের অনুসারী। এ হত্যাকাণ্ডের পর পরিস্থিতি সামাল দিতে নান্দাইল সদরে রাত্রিকালে কারফিউ ও এক সপ্তাহের বেশি সময় ১৪৪ ধারা জারি রাখে প্রশাসন।
গতকাল হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হয়। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শুরু হওয়ার আগে দলের শ খানেক নেতা-কর্মী ও সমর্থক মিছিল করে শহরের পুরান বাজার ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম। বক্তব্য দেন সহসভাপতি শাহাব উদ্দিন ভূঁইয়া ও আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, আবদুস সাত্তার ভূঁইয়া প্রমুখ।
মামলার বাদী সিরাজুল ইসলাম অভিযোগ করেন, সাংসদ প্রভাব খাটিয়ে তাঁর ভাইয়ের হত্যা মামলার তদন্তে বাধা সৃষ্টি করছেন। এ কারণে গত দুই বছরেও মামলার তদন্তকাজ শেষ হয়নি।
সাংসদ বলেন, তিনি হত্যার রাজনীতিতে বিশ্বাসী নন। তিনিও চান প্রকৃত দোষী ব্যক্তি চিহ্নিত হোক এবং শাস্তি পাক।
পুলিশ জানায়, ময়মনসিংহ জেলা অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) হত্যা মামলাটি তদন্ত করছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিছুর রহমান বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যেই মামলার অভিযোগপত্র আদালতে জমা দিতে পারবেন।