সিপিবি ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলামের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড মাঠে এই সমাবেশ হয়। জেলা গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল্লাহ চৌধুরী।ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা ইলিয়াস আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হাফিজুল ইসলাম, দুলাল সাহা, আবদুল হাই, এম এ শাহিন ও নূর ইসলাম।বক্তারা অভিযোগ করেন, শ্রমিকনেতা হাফিজুল ইসলামকে হত্যার জন্য শামীম ওসমান তাঁর ক্যাডার ক্যাঙ্গারু পারভেজকে লেলিয়ে দিয়েছেন। শামীম ওসমানের ক্যাডার ও ত্বকী হত্যা মামলার আসামি মিজানুর রহমান সুজন বাদী হয়ে মিথ্যা অভিযোগে যে মামলা করেছেন, তাতে ত্বকীর বাবা রফিউর রাব্বির সঙ্গে হাফিজুল ইসলামকেও আসামি করা হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের অধিকার নিয়ে আন্দোলন করায় এর আগে শ্রমিকনেতা মন্টু ঘোষ ও হাফিজুল ইসলামকে ক্রসফায়ারে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।বক্তারা বলেন, ৩৪ বছরের রাজনৈতিক জীবনে হাফিজুলের বিরুদ্ধে কোনো মামলা ও জিডি হয়নি, এখন হলো। তাঁর ওপর শামীম ওসমানের ক্যাডাররা কোনো হামলা চালালে কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার পোশাকশ্রমিকেরা রাস্তায় নেমে আসবেন।