শ্রমিকনেতাকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর ডিজেল ইঞ্জিন কারখানার শ্রমিকনেতা আবু সাঈদকে (৬০) কারখানার পাশের রেল কলোনি এলাকা থেকে চাকরিপ্রার্থীরা অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে চাকরি বা টাকা ফেরত না দেওয়ায় অনেকেই তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। এই ঘটনায় শ্রমিকনেতার স্ত্রী সাহিদা খাতুন (৫০) পার্বতীপুর রেল থানায় অভিযোগ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে কারখানা থেকে বের হয়ে কলোনির দিকে আসেন। পথে আগে থেকেই অপেক্ষায় থাকা ছয়টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসে আসা ১৫-২০ জনের একটি দল তাঁকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার কয়েকজন কর্মচারী জানান, বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল, ডিজেল কারখানা শাখার সভাপতি আবু সাঈদ দীর্ঘদিন ধরেই চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন। এ পর্যন্ত অন্তত ৩০ থেকে ৪০ জনের কাছ থেকে তিনি ৫০ লাখ টাকা নিয়েছেন।
শ্রমিকনেতার স্ত্রী জানান, ৩০ থেকে ৪০ নয়। দুই থেকে তিনজনের সঙ্গে তাঁর স্বামীর আর্থিক লেনদেন হয়েছিল। এর মধ্যে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের দবির উদ্দিন নামের একজনও ছিলেন। এই দবিরের লোকজনই আবু সাঈদকে অপহরণ করেছেন বলে তিনি অভিযোগ করেন।
কারখানার ব্যবস্থাপক (কর্ম) জয়দুল ইসলাম জানান, আবু সাঈদের বিরুদ্ধে চাকরির নামে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।
পার্বতীপুর রেল থানার ওসি সাজু মিয়া জানান, আবু সাঈদের স্ত্রীর কাছ থেকে অভিযোগ পেয়েছেন।