শ্রমিকনেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় গ্রেপ্তারি পরোয়ানার আসামি শ্রমিকনেতা শিপলু হাসানকে (৩৫) গ্রেপ্তারের প্রতিবাদে দুপচাঁচিয়া পৌর সম্মিলিত ট্রাক চালক সমিতি গতকাল শুক্রবার বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করে। পরে শ্রমিকদের চাপে গ্রেপ্তারকৃত আসামিকে নেতাদের জিম্মায় ছেড়ে দিলে এক ঘণ্টা ১০ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয়।থানা সূত্রে জানা গেছে, আট মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় দুপচাঁচিয়া পৌর সম্মিলিত ট্রাক চালক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিপলু হাসানের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত বৃহস্পতিবার রাতে ডিমশহর এলাকার বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গতকাল সকালে শ্রমিকেরা তাঁর মুক্তির দাবিতে সিও বাসস্ট্যান্ড শ্রমিক কার্যালয়ের সামনে বগুড়া-নওগাঁ সড়ক ট্রাক দিয়ে অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা ১০ মিনিট অবরোধের ফলে রাস্তার দুই পাশে শতাধিক দূরপাল্লার কোচ, ট্রাক, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুস সামাদের হস্তক্ষেপে পুলিশ ও শ্রমিকদের এক সমঝোতা বৈঠক আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে শ্রমিকদের চাপে পুলিশ গ্রেপ্তারকৃত আসামিকে শ্রমিকনেতাদের জিম্মায় ছেড়ে দেয়। এর পরই শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।ঢাকাগামী টিআর কোচের যাত্রী শাহজাহান আলী, আশরাফ আলী ও আসমা বেগম বলেন, এ পরিস্থিতি দেখে মনে হয় দেশে কোনো সরকার নেই। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে দাবি আদায় করছেন। আর সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।পৌর সম্মিলিত ট্রাক চালক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘আমার শ্রমিক বিদ্যুতের বিল পরিশোধ করেছে। তবে আদালত থেকে জামিন না নেওয়ার কারণে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। আমরা পুলিশকে বিল পরিশোধের কাগজপত্র দেখানোর পরও পুলিশ তাঁকে ছেড়ে না দেওয়ায় রাস্তা অবরোধ করেছি।’দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে এবং পরিস্থিতি শান্ত করার লক্ষ্যেই আগামী রোববারের মধ্যে আদালত থেকে জামিনের ব্যবস্থা করবে বলে মুচলেকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে।