শ্রমিকনেতাকে তুলে নেওয়ার অভিযোগ, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার উপশহর এলাকা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ পরিচয়ে একদল লোক এক পরিবহন শ্রমিকনেতাকে তুলে নিয়ে গেছে। তাঁকে ফিরিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের যশোর শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করেছেন শ্রমিকেরা।
ওই শ্রমিকনেতার নাম মনছুর আলম। তিনি বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির খাজুরা বাসস্ট্যান্ড শাখার সাধারণ সম্পাদক ও যশোর জেলা যুবলীগের নির্বাহী কমিটির সদস্য। তাঁর বাড়ি উপশহর এলাকায়।
স্থানীয় ব্যক্তিরা রাতে বলেন, মনছুরকে ফিরিয়ে দেওয়ার দাবিতে রাত আটটা থেকে মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে দূরপাল্লা ও স্বল্পপাল্লার যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
যশোরের সহকারী পুলিশ সুপার (ক সার্কেল) ভাস্কর সাহাবলেন, ‘শুনেছি, মনছুর নামের একজন গ্রেপ্তার হয়েছেন। কিন্তু কোন বাহিনী তাঁকে গ্রেপ্তার করেছে, তা জানতে পারিনি। সার্কেলের পুলিশ তাঁকে ধরেনি।’
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির যশোর জেলা সভাপতি আজিজুল আলম বলেন, সন্ধ্যার পরে সাদাপোশাকের কয়েকজন লোক পুলিশ পরিচয়ে মনছুরকে বাড়ি থেকে তুলে নেয়। এ সময় একটি মুঠোফোন নম্বর দেওয়া হয়। ওই নম্বরে ফোন দিলে অপর প্রান্ত থেকে বলা হচ্ছে, ‘মনছুর নামের কাউকে আটক করা হয়নি।’ পুলিশও দায় স্বীকার করছে না। তাঁকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত অবরোধ চলবে।