শ্রমিকনেতাকে বরখাস্ত করায় লাইনম্যানদের কর্মবিরতি পালন
নওগাঁ পল্লী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের সভাপতিকে সাময়িক বরখাস্ত করায় জেলার পল্লী কার্যালয়ের লাইনম্যানরা কর্মবিরতি পালন করেছেন। গতকাল শনিবার দিনব্যাপী ওই কর্মসূচি পালিত হয়।
গতকাল সকাল সাড়ে নয়টা থেকে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৫০ জন লাইনম্যান কাজে যোগ না দিয়ে কার্যালয় গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ-সমাবেশ করেন। এ সময় বক্তারা শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি আবদুল মান্নানকে বরখাস্তের বিষয়টি প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ ও সমাবেশে লাইনম্যানরা বেশ কিছু দাবি তুলে ধরেন। এর মধ্যে আছে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া, হয়রানিমূলক বদলি না করা, আট ঘণ্টার বেশি দায়িত্ব পালন না করা, লাইনম্যানদের পদোন্নতির ক্ষেত্রে কোটাপ্রথা বাতিল, ঝুঁকি ভাতা ও ওভারটাইম দেওয়া।
পল্লী শ্রমিক-কর্মচারী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে কোনো কারণ ছাড়াই লাইন টেকনিশিয়ান আবদুল মান্নানকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া নওগাঁ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তাদের রোষের কারণে কিছুদিন আগে লাইনম্যান গ্রেড-১ মতিউর রহমানকে এখান থেকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে। তাঁরা কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ কর্মসূচি পালন করছেন বলে জানান।
এ ব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক নুরুর রহমান বলেন, ‘কাউকে বরখাস্ত বা বদলি করার ক্ষমতা আমাদের হাতে নেই। এটা সরাসরি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে করা হয়। যাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাঁর বিরুদ্ধে নিশ্চয় কোনো গুরুতর অভিযোগ রয়েছে।’