শ্রমিকনেতার ওপর হামলা প্রতিবাদে অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার মাছিহাতা সোয়েটার লিমিটেড কারখানার এক কর্মকর্তা গতকাল বুধবার রাতে লোকজন নিয়ে এক শ্রমিকনেতার ওপর হামলা চালান। এতে শ্রমিকনেতা আমিনুল ইসলামের মাথা ফেটে যায় এবং তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ ঘটনার প্রতিবাদে কারখানার শ্রমিকেরা রাতে সড়ক অবরোধ করে দুটি কারখানায় ভাঙচুর চালান।
এদিকে জেলার কালিয়াকৈর উপজেলায় আফতাব গার্মেন্টস লিমিটেড কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকেরা গতকাল বিক্ষোভ করেন। পরে পুলিশের লাঠিপেটায় আহত হন কমপক্ষে ১৫ জন শ্রমিক।
মাছিহাতা সোয়েটার কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সদর উপজেলার পানিশাইল এলাকার মাছিহাতা সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকেরা প্রায়ই বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার সহকারী উৎপাদন কর্মকর্তা জহিরুল ইসলামকে বরখাস্ত করার দাবি জানান। ওই ঘটনার জের ধরে গতকাল রাত পৌনে আটটার দিকে কারখানার পাশে জহিরুল তাঁর লোকজন নিয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া শ্রমিক আমিনুল ইসলামের ওপর হামলা চালান। এতে তাঁর মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আমিনুলের ওপর হামলার খবর কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজ বন্ধ করে বের হয়ে আসেন। শ্রমিকেরা কারখানার সামনে কাশিমপুর পানিশাইল সড়ক অবরোধ এবং ওই কারখানায় ও পাশের তুরাগ গার্মেন্টসে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। কিছু সময় পর শ্রমিকেরা আবারও সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করলে পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে বক্তব্য জানতে জহিরুলের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তিনি কথা বলেননি।
কারখানা বন্ধ: শ্রমিকেরা জানান, কালিয়াকৈরের ভান্নারা এলাকার আফতাব গার্মেন্টস লিমিটেড গত জুন মাসের বেতন পরিশোধ না করে ৫৫ জন শ্রমিককে ছাঁটাই করে। এর প্রতিবাদে শ্রমিকেরা গত মঙ্গলবার কারখানায় বিক্ষোভ, ভাঙচুর ও এক কর্মকর্তাকে মারধর করেন। এ ঘটনার পর রাতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে গিয়ে ফটকে বন্ধের নোটিশ দেখতে পান। নোটিশ দেখে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন এবং বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে উঠলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এতে কমপক্ষে ১৫ শ্রমিক আহত হন। শ্রমিকেরা দুপুরের পর আবার সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ কর্তৃপক্ষকে জুন মাসের বেতন পরিশোধ ও কারখানা খুলতে চাপ দেয়। কর্তৃপক্ষ বিকেল সাড়ে চারটা থেকে বেতন দেওয়া শুরু করলে শ্রমিকেরা শান্ত হন। কারখানার উৎপাদন কর্মকর্তা মো. নাছির উদ্দিন জানান, কারখানায় কাজ কম থাকায় শ্রম আইন অনুযায়ী কিছু শ্রমিককে ছাঁটাই করা হয়। কিন্তু শ্রমিকেরা এটাকে ইস্যু করে বিক্ষোভ করছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. মান্নান আলী বিকেলে প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা শান্ত রয়েছেন। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।