শ্রমিকনেতার ওপর হামলার প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শ্রমিকনেতা পিয়াস আহম্মেদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে গতকাল শনিবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। পরে পুলিশ অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে সব ধরনের মালামাল ওঠানো-নামানো গতকাল থেকে বন্ধ রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ফতুল্লা থানা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পিয়াস আহম্মেদ সদর উপজেলার আলীগঞ্জ রেললাইন এলাকায় শুক্রবার রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পিঠে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হামলার প্রতিবাদে শতাধিক শ্রমিক ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের আলীগঞ্জ এলাকায় গতকাল সকালে বিক্ষোভ মিছিল করেন। এ সময় সড়কের বিভিন্ন স্থানে টায়ার ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করা হয় এবং যান চলাচল বন্ধ করে দেন। এতে ওই সড়কে যানজট দেখা দেয়।বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের স্থানীয় নেতা মো. জসীমউদ্দিন, রফিকুল ইসলাম, শ্রমিক ইউনিয়ন ফতুল্লা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।